অধিকৃত ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন আল-কাসসাম ব্রিগেড বলেছে, গাজায় গত ২০ দিনের আগ্রাসনে ৯০ জনের বেশি ইহুদিবাদী সেনা নিহত হয়েছে।

অর্থাৎ গড়ে দিনে ৪.৫ জন ইসরাইলি সেনা নিহত হয়েছে।

নিহত এ সব সেনাদের মধ্যে ইসরাইলি চৌকস হিসেবে পরিচিত অনেক কমান্ডোও রয়েছে। এ ছাড়া, ১৪২ জন সেনা আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এবং এদের মধ্যে অন্তত একজনের অবস্থা সংকটাপন্ন।

চলতি মাসের ৮ তারিখ থেকে হানাদার ইসরাইলি বাহিনী অবরুদ্ধ গাজায় ভয়াবহ আগ্রাসন শুরু করেছে। এ আগ্রাসন চালাতে যেয়ে ফিলিস্তিনিদের হাতে এ পর্যন্ত ৪৩ জন ইহুদিবাদী সেনা নিহত হওয়ার কথা স্বীকার করেছে ইসরাইলি সেনাবাহিনী।

এদিকে, রোববার গাজা থেকে ছোঁড়া গোলায় অন্তত এক সেনা নিহত হওয়ার কথা স্বীকার করেছে ইসরাইল।

উল্লেখ্য, ইসরাইলের হামলায় এ পর্যন্ত ১,০০০ বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। জাতিসংঘ জানিয়েছে নিহতদের অধিকাংশই বেসামরিক নাগরিক। এছাড়া সংঘাতে ৪৩ ইসরাইলি সৈন্য ও ৩ বেসামরিক ইসরাইলি নাগরিক নিহত হয়েছে। সূত্র: আইআরআইবি, আল-জাজিরা।

ঢাকা, ২৮ জুলাই, টাইমনিউজবিডি.কম, টিআই