ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, সকাল ৭টার দিকে মুর্শিদাবাদের বহরমপুর এলাকার কর্ণসুবর্ণ রেলক্রসিংয়ে শিক্ষার্থীদের বহনকারী একটি স্কুল ভ্যানকে নিমতিতা-কাটোয়াগামী যাত্রীবাহী ট্রেন ধাক্কা দেয়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, দুর্ঘটনার সময় রেলক্রসিংটি খোলা ছিল। স্কুল ভ্যানটি রেললাইন অতিক্রম করার সময় ট্রেনটি এসে সেটিকে সজোরে ধাক্কা দেয়।

দুর্ঘটনার পর ঘটনাস্থলে ভ্যানটির দুমড়েমুচড়ে যাওয়া ধ্বংসাবশেষ রেললাইনের পাশে ছড়িয়ে থাকতে দেখা যায়।

আহত শিক্ষার্থীদের দ্রুত উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের কয়েকজনের অবস্থা গুরুতর বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয় সংবাদমাধ্যম প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানিয়েছে, প্রথমে ‘আপ’ লাইনে একটি ট্রেন পার হওয়ার আগ পর্যন্ত রেলক্রসিংয়ের গেট বন্ধ ছিল। ট্রেনটি চলে যাওয়ার পর গেট খুলে দেওয়া হয়। তবে পাশের লাইন দিয়ে আরেকটি ট্রেন আসার সময়ও গেট পুনরায় বন্ধ করা হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এ কারণেই দুর্ঘটনাটি ঘটেছে।

রেলওয়ের এক কর্মকর্তা জানান, কাটোয়া থেকে প্রায় ৪৮ কিলোমিটার দূরে কর্ণসুবর্ণ স্টেশনের কাছে লেভেল ক্রসিং অতিক্রম করার সময় শিক্ষার্থীবাহী পুল কারটিকে একটি লোকাল ট্রেন ধাক্কা দেয়।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন। রেলক্রসিংয়ের গেটম্যানের দায়িত্বে অবহেলার অভিযোগসহ পুরো ঘটনার কারণ খতিয়ে দেখতে আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে।

এনএইচ