আইএস (ইসলামিক স্টেট) বিদ্রোহীরা সিরিয়ার পূর্বাঞ্চলে প্রায় ৭০০ মানুষকে নির্বিচারে হত্যা করেছে। ব্রিটেনভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, নিহতদের বেশিরভাগকেই হাত-পা বেঁধে গলা কেটে হত্যা করা হয়েছে।
সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আয-যোর প্রদেশের আল-শেইতাত গোত্রের লোকদের ওপর গত দু’সপ্তাহে আইএস বিদ্রোহীরা এই পাশবিকতা চালায়। নিহতদের প্রায় সবাই বেসামরিক নাগরিক। এসব মানুষকে আটক করার পর নির্বিচারে হত্যা করে। নিহত ৭০০ ব্যক্তির মধ্যে অন্তত ৬০০ জন বেসামরিক লোক ছিল বলে জানিয়েছে মানবাধিকার সংস্থাটি।
দেইর আয-যোর প্রদেশের কারানজি, আবু হামাম ও কাশকিয়া গ্রামে এ গণহত্যা চালায় আইএস। মানবাধিকার সংস্থাটির প্রধান রামি আব্দের রহমান জানিয়েছেন, আল-শেইতাত গোত্রের আরো ১,৮০০ ব্যক্তির ভাগ্যে কী ঘটেছে তা জানা যায়নি। সূত্র: আল-জাজিরা।
ঢাকা, ১৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম, টিআই





