শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো বলিভিয়া। রিখটার স্কেলে এর মাত্রা ছিলো ৬ দশমিক ৮। প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজ এসব তথ্য জানিয়েছে।

খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রভিত্তিক ভূ-জরিপ প্রতিষ্ঠান ইউএস জিওলজ্যিকাল সার্ভে জানিয়েছে, সোমবার (২ মার্চ) স্থানীয় সময় রাত ১০টা ৪০ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। বলিভিয়ার টারিজা থেকে ২০৫ মাইল দক্ষিণ-পূর্বে ছিলো এর কেন্দ্রস্থল। এর গভীরতা ছিলো ভূপৃষ্ট থেকে ৩৪৬ মাইল ।

রাজধানীর লা পাজ থেকে প্রকাশিত দ্য স্যান ক্যালিক্সটো অবজারভেটরি জানায়, বলিভিয়ার ইতিহাসে এটি ছিলো খুবই শক্তিশালী ভূমিকম্প। ভূমিকম্পটির কেন্দ্রস্থল মাটির খুব গভীরে হওয়ায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।