দুই বছর বয়সী ভাইয়ের গুলিতে প্রাণ গেল ১১ বছর বয়সী এক বোনের। যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় মঙ্গলবার এ ঘটনা ঘটে। গুলিটি বোনটির বুক ভেদ করে বেরিয়ে যায়।
জানা গেছে, দুই বছরের ভাইটিসহ খেলা করছিলেন বোন জামারা স্টিভেন্স। তাদের সাথে আরো চার কাজিন খেলা করছিল। এরই মধ্যে দুর্ঘটনাবশত এটি ঘটে।
বাচ্চারা যখন খেলা করছিল তখন তাদের মা টিফানি গোল্ডওয়ার বাথরুমে ছিলেন। এর আগে তিনি তার বয়ফ্রেন্ডকে নিয়ে বাসায় আসেন। আর পিস্তলটি ছিল মায়ের বয়ফ্রেন্ডেরই। বয়ফ্রেন্ড তার পিস্তলটি ফ্রিজের ওপরে রাখেন। সেখান থেকেই বাচ্চারা খেলনা পিস্তল মনে করে নিয়ে নেয়।
খেলার এক পর্যায়ে দুই বছরের বাচ্চা তার বোনকে গুলি করে। মা টিফানি বাথরুম থেকে গুলির শব্দ শুনে বেরিয়ে এসে দেখেন তার ছেলের হাতে পিস্তল এবং হাতে গানপাউডার লেগে রয়েছে। এ ছাড়া, গুলির ফলে একটি পোড়ার দাগও ছিল।
গুলিবিদ্ধ মেয়েকে দ্রুত স্থানীয় শিশু হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু আধা ঘণ্টা পর জামারা মারা যায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি তদন্ত করে দেখছে।
প্রসঙ্গত, আমেরিকায় অস্ত্র খুব সহজলভ্য হওয়ায় প্রায়ই এ ধরনের ঘটনা ঘটে থাকে। এর আগে গত বছরের অক্টোবরে পাঁচ বছরের এক শিশু পিস্তল নিয়ে খেলার সময় নিজের গুলিতেই মারা যায়। এর ঠিক দুই সপ্তাহ পরে দুই বছরের এক শিশু নিজের গুলিতে প্রাণ হারায়। সূত্র: মিরর অনলাইন
[b]ঢাকা, ০৮ এপ্রিল (টাইমনিউজবিডি) //এমএ[/b]