ভারতের রাজধানী দিল্লিতে সবচেয়ে দামী রাস্তাটি যার নামে, সেই মুঘল বাদশাহ আওরঙ্গজেবের বদলে সেটিকে শিখ ধর্মগুরু তেগ বাহাদুরের নামে নামকরণ করার দাবি তুলেছে উগ্র শিখরা।

দিল্লির বেশ কয়েকটি প্রভাবশালী শিখ সংগঠন আওরঙ্গজেব রোডের নাম পরিবর্তন করার দাবি জানিয়ে ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছেন, একই দাবিতে অনলাইন পিটিশনেও সই করছেন হাজার হাজার মানুষ।

এই শিখ সংগঠনগুলো বলছে, আওরঙ্গজেব ছিলেন ভারতের ইতিহাসে 'নিষ্ঠুরতম স্বৈরাচারী শাসক', তাঁর নামে দিল্লির ঐতিহ্যবাহী একটি রাস্তার নাম রাখা মোটেই সঙ্গত নয়।

বরং তাদের দাবি, ১৬৭৫ সালে আওরঙ্গজেবের নির্দেশে শিখদের যে নবম ধর্মগুরু তেগ বাহাদুরকে দিল্লির চাঁদনি চক এলাকাতে হত্যা করা হয়েছিল,তার নামে রাস্তাটির নাম রেখে তেগ বাহাদুরকে সম্মান জানাতে হবে।

এই রাস্তাটির নাম থেকে আওরঙ্গজেবের নাম হঠানোর জন্য সরব হয়েছেন ভারত-বিশারদ বলে পরিচিত ফরাসি ঐতিহাসিক ফ্রাঁসোয়া গঁতিয়েও। বস্তুত তার একটি নিবন্ধ থেকেই এই আন্দোলনের সূত্রপাত।

তবে মি গঁতিয়ে বলেছেন, রাস্তাটির নাম বদলে গুরু তেগ বাহাদুরের নামেই রাখতে হবে এমনটা তিনি মনে করেন না।

দিল্লি শিখ গুরুদুয়ারা ম্যানেজমেন্ট কমিটির প্রধান মনজিৎ সিং অবশ্য বলছেন, তেগ বাহাদুরের নামেই রাস্তাটির নাম রাখতে হবে।

তার কথায়, ‘হিটলারের নামে পৃথিবীর কোথাও যেমন কোনও রাস্তা নেই, তেমনি আওরঙ্গজেবের নামে এই রাস্তাও দিল্লির একটি কলঙ্ক,যেটা মুছে ফেলার সময় এসে গেছে!’

আওরঙ্গজেব রোড ভারতের রাজধানী দিল্লিতে সবচেয়ে ব্যয়বহুল ঠিকানা বলে পরিচিত। সূত্র: বিবিসি বাংলা

এমএ