যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর পরবর্তী প্রজন্মের প্রতিরক্ষা ব্যবস্থার উপযোগী করে তৈরি করতে যাওয়া ‘স্টিলথ বোম্বার-২১’ বোমারু বিমানের একটি ছবি প্রকাশ করেছে দেশটির বিমানবাহিনী বিষয়ক সচিব দেবোরাহ লি জেমস।
ধারণা করা হচ্ছে, বিমানটি স্নায়ুযুদ্ধের সময় ব্যবহৃত বি-৫২ জঙ্গি বিমানের পরিবর্তে ব্যবহার করা হবে।
শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের বিমান বিষয়ক সচিব দেবোরাহ লি জেমস তার টুইটারে নতুন এই বোমারু বিমানটির একটি ছবি প্রকাশ করেছে বলে জানিয়েছে সিএনএন।
তবে বিমানটির নাম এখনো চূড়ান্ত করা হয়নি বলে জানান দেবোরাহ। আপাতত বি-২১ নামেই বিমানটি পরিচিতি পাবে এটি। নতুন এই বোমারু বিমানটি সম্পর্কে তিনি বলেন, ‘ইতিমধ্যে আমারা বিমানবাহিনীর কাছে নতুন এই বোমারু বিমানটির নামের বিষয়ে পরামর্শ চেয়েছি। আশা করছি একটি যুৎসই নাম আমরা নির্বাচন করতে সক্ষম হবো।’
নতুন এই বোমারু বিমান সম্পর্কে বিমানবাহিনী সচিব আরো বলেন, এটি একটি দূর পাল্লার বোমারু বিমান, যার রাডার হবে আগের চেয়ে আরো শক্তিশালী এবং অত্যাধুনিক। এটি অনেক দূরের বস্তুকেও বিকিরণের মাধ্যমে চিহ্নিত করতে পারবে।
বিমানটি তৈরি করবে মহাকাশ ও প্রতিরক্ষা তথ্যপ্রযুক্তি নির্মাণকারী মার্কিন প্রতিষ্ঠান নরথ্রফ গ্রুমান। ইতিমধ্যে প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর সাথে আগামী দশবছরের জন্য এক হাজার কোটি টাকার একটি চুক্তিতে আবদ্ধ হয়েছে। নতুন বিমানটি পুরনো স্টিলথ বোমারু বিমান বি-৫২ ও বি-১’র বিকল্প হিসেবে ব্যবহৃত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এআই





