মধ্যপ্রাচ্যের আজকের যে বিশৃঙ্খলা ও অশান্তি তা জাতিগত সংঘাত নয় বরং রাজনৈতিক বলে মন্তব্য করেছেন হিজবুল্লাহ মহাসচিব হাসান নাসরুল্লাহ। সোমবার পবিত্র আশুরা উপলক্ষ্যে আয়োজিত এক জনসভায় তিনি এ মন্তব্য করেন। খবর ওয়ার্ল্ডবুলেটিনের।
লেবাননের শিয়া মতাবলম্বী হিজবুল্লাহ প্রতিরোধ গোষ্ঠীর প্রধান নাসরুল্লাহ বলেন, মধ্যপ্রাচ্যের আজকের অশান্তির কারণ শিয়া-সুন্নী সংঘাত নয়। বরং এখানে বাইরের শক্তিগুলো রাজনৈতিক খেলায় মত্ত। সোমবার লেবাননের দক্ষিণাঞ্চলে আয়োজিত এক বিশাল জনসভায় তিনি বক্তব্য দেন।
হাসান নাসরুল্লাহ আরও বলেন, "মধ্যপ্রাচ্যের আজকের সংঘাতকে শিয়া ও সুন্নীর মধ্যে সংঘাত বলে চিত্রায়িত করাটা চরম ভুল। মধ্যপ্রাচ্যে এখন যা ঘটছে তা-ই এই অঞ্চলের ভবিষ্যত নীতি নির্ধারণ করে দিবে।"
তিনি বলেন, "আমাদের যুদ্ধ সুন্নীদের বিরুদ্ধে নয়, বরং যারা সবাইকে ধ্বংস করে দিতে চায়, এমন সন্ত্রাসীদের বিরুদ্ধে এবং ইসরাইলের বিরুদ্ধে।"
হিজবুল্লাহ প্রতিবেশী সিরিয়ায় শিয়া মতাবলম্বী আসাদ সরকারের পক্ষে যুদ্ধরত। আসাদ সরকার বিরোধী সুন্নী গ্রুপগুলোর বিরুদ্ধে প্রায় ৪ বছর ধরে যুদ্ধ করে আসছে হিজবুল্লাহ।
এমএ





