এবা্র প্রাচীন অনুপম স্থাপত্য তাজমহল নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন ভারতের এক বিজেপি নেতা। বিশ্বখ্যাত মোগল ঐহিত্যটি মন্দিরের অংশ ছিল বলে রবিবার মন্তব্য করেছেন উত্তরপ্রদেশ রাজ্যের বিজেপি প্রধান লক্ষ্মীকান্ত বাজপেয়ি। খবর এনডিটিভির।

এর আগে দেশটির সমাজবাদী পার্টির নেতা আজম খান তাজমহলকে প্রাদেশিক ওয়াকফ্ বোর্ডের কাছে হস্তান্তরের দাবি জানান। আজম খানের এ উক্তির জবাবে বাজপেয়ি এ কথা বলেন।

বাজপেয়ি দাবি করেন, মোগল সম্রাট শাহজাহান রাজা জয়সিংহের কাছ থেকে তেজো মহালয় মন্দিরের জমি কিনেছিলেন। ওই জমিতেই তিনি তাজমহল নির্মাণ করেন।

বাজপেয়ি বলেন, ‘আজম খান ওয়াকফ’র সম্পত্তি জবরদখল করেছেন। এবার বিশ্ব ঐতিহ্য তাজমহলের দিকে নজর দিয়েছেন।’ আজম খান অবশ্য তাজমহল নিয়ে তার উক্তিকে অতটা গুরুত্ব না দেওয়ার আহ্বান জানিয়েছেন।

এদিকে তাজমহল নিয়ে আজম খানের উক্তির বিরোধিতা করেছেন অনেক মুসলিম ধর্মীয় নেতা। তাজমহলকে কোনো নির্দিষ্ট সংগঠনের অধীনস্ত করা হলে তা মুসলিমদের মধ্যে শিয়া-সুন্নি সহিংসতা উসকে দেবে বলে শঙ্কা প্রকাশ করেছেন তারা।

এএইচ