তাপস পালকে নিঃশর্তে ক্ষমা চাওয়ার নির্দেশ দিলেন তৃণমূল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মঙ্গলবার উত্তর ২৪ পরগনায় এক অনুষ্ঠানের শেষে তিনি বলেন, দলের কাছে জবাবদিহি করতে হবে তাপসকে। দলের মধ্যে কোনও বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না। দল ব্যবস্থা নেবে। আমরা ওকে সতর্ক করেছি। এসব বলা যাবে না। অন্য কোনও দলে এরকম হয়েছে দেখান তো? সাংবাদিকদের প্রশ্নের শেষে মেজাজ হারালেন মুখ্যমন্ত্রী।

এদিন ডায়মন্ড হারবারে এক অনুষ্ঠানের শেষে রংবাজ তাপস প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রীকে কার্যত বিড়ম্বিত লেগেছে। 

গত ১৫ জুন নদিয়ার চৌমাহা গ্রামের সভায় তৃণমূল সাংসদ তাপস পালের মন্তব্য ঘিরে বিতর্ক বেড়েই চলেছে। ভাষণে সিপিএমের বাড়িতে অনুগামী ছেলে পাঠিয়ে রেপ, ও পরে আর একটি সভায় সিপিএম সমর্থকদের গুলি করে খুন করে তাঁকে মৃতদেহ দেখানোর কথা বলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ।

তাপস পালের অশালীন ভাষা ও উস্কানিমূলক কথার প্রতিবাদে দেশজুড়ে প্রতিবাদের ঝড় ওঠে। দলীয় সাংসদের আচরণে দৃশ্যতই অস্বস্তিতে তৃণমূল শীর্ষ নেতৃত্ব। মঙ্গলবার দলের তরফে তাপস পালকে ক্ষমা চাইতে বলা হয়। তারপরেই ডায়মন্ড হারবারে অনুষ্ঠানের শেষে মুখ্যমন্ত্রী বলেন, তাপসকে নিয়ে যা সিদ্ধান্ত নেওয়ার দল নেবে। যা বলার বলবে মুকুল ও ডেরেক। এরপরে যদিও মুখ্যমন্ত্রী নিজেই বলেন, তাপসকে নিঃশর্তে ক্ষমা চাইতে বলা হয়েছে।

ঢাকা, ১ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই