জার্মানির বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি চালানোর বিষয়ে অবিলম্বে আমেরিকার ব্যাখ্যা দাবি করেছে বার্লিন। অনুসন্ধানমূলক ওয়েবসাইট উইকিলিক্সের পক্ষ থেকে নতুন করে ফাঁস করা এক প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে এ ব্যাখ্যা দাবি করেছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী ফ্রাংক-ওয়ালটার স্টেইনমেয়ার।
উইকিলিক্সের নতুন প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থা বা এনএসএ শুধু জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের টেলিফোনে আড়ি পেতেই ক্ষান্ত হয়নি সেই সঙ্গে দেশটির মন্ত্রিসভার সদস্যদের কাজকর্মের ওপরও গুপ্তচরবৃত্তি করেছে।
এদিকে উইকিলিক্সের প্রতিবেদন প্রকাশের পরিপ্রেক্ষিতে জার্মানিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জন এমারসনকে বৈঠকের জন্য তলব করেছিলেন মার্কেলের নির্বাহী প্রধান পিটার আল্টমেয়ার। অবশ্য এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে কিনা সে সংক্রান্ত কোনো খবর পাওয়া যায়নি।
এর আগে এনএসএস’র সাবেক গোয়েন্দা কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেনের ফাঁস করা তথ্য থেকে জানা গিয়েছিল, মার্কেলের টেলিফোনে ১০ বছরেরও বেশি সময় ধরে আড়ি পেতেছিল মার্কিন গোয়েন্দারা। এ তথ্য প্রকাশের পর জার্মানি ও মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কে সৃষ্টি হয়েছিল তিক্ততা। আইআরআইবি।
জেডআই





