তুরস্কের সাবেক প্রধানমন্ত্রী রিসেপ তাইয়্যেপ এরদোগানের বৃহস্পতিবার দেশটির নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন। এর মাধ্যমে তার এক দশকের বেশি সময় ধরে ক্ষমতায় থাকার পথ আরও দীর্ঘ হবে।

বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়, আজ (বৃহস্পতিবার) রাজধানী আঙ্কারায় বাংলাদেশ সময় বিকালের দিকে এরদোগান প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন।

এরদোগানের শপথ গ্রহণের মাধ্যমে দেশটিতে নতুন যুগের সূচনা হবে বলে আশা করা হচ্ছে। ধারণা করা হচ্ছে, এরদোয়ান একটি নতুন সংবিধান প্রণয়নের উদ্যোগ নেবেন এবং দেশের উন্নয়নমূলক প্রকল্পগুলোর সঙ্গে আরও সংস্কার সাধন হবে।

দেশটি পররাষ্ট্রমন্ত্রী আহমেত দাভুতোগলু এর মধ্যে নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছেন।

শপথ অনুষ্ঠানে পূর্ব ইউরোপ, আফ্রিকা, মধ্য এশিয়া ও মধ্যপ্রাচ্যের অনেক দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানেরা উপস্থিত থাকবেন। পশ্চিম ইউরোপের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত থাকবেন কি না, এ নিয়ে সংশয় রয়েছে।

এরদোগান ২০০৩ সালে তুরস্কের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন। এক দশকের বেশি সময় ক্ষমতায় থাকার পর ১০ আগস্ট ৫ বছরের জন্য রাষ্ট্রপতি নির্বাচিত হন।

ঢাকা, ২৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ