যুক্তরাষ্ট্রে ৬৮ বছর বয়সী এক ব্যক্তি ৩৬ বছর জেল খাটার পর সোমবার ক্যালিফোর্নিয়ার এক কারাগার থেকে ছাড়া পেয়েছেন। তার বিরুদ্ধে আনা খুনের অভিযোগের রায় নিয়ে বিচারকের সন্দেহ প্রকাশের পর তিনি ছাড়া পান।

১৯৭৮ সালে মোটরসাইক্লিস্ট জে টি ম্যাকগেরিকে হত্যার দায়ে মাইকেল হেনলাইন দোষী সাব্যস্ত এবং যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত হন। কিন্তু লস অ্যাঞ্জেলেসের উত্তরাঞ্চলীয় ভেঞ্চুরা কাউন্টির জেলা অ্যাটর্নি গ্রেগরি টোটেন নতুন প্রমাণের কথা উল্লেখ করে জুরিদের দেয়া রায়ে সন্দেহ প্রকাশ করেন।

তবে তাই বলে তিনি যে মামলা থেকে খালাস পেয়ে যাচ্ছেন তা নয়। বরং মামলাটির বিচার পুনরায় শুরু হবে কি না তা নিয়ে আগামী ২৭ ফেব্রুয়ারি শুনানি হওয়ার কথা রয়েছে।

ভেঞ্চুরা প্রসিকিউটর কার্যালয়ের মুখপাত্র মাইকেল স্কোয়ার্টজ বলেন, হেনলাইন নির্দোষ আদালত এ ধরণের সিদ্ধান্তে এখনও পৌঁছেনি।

উল্লেখ্য, ১৯৭৮ সালের নভেম্বরে ম্যাকগেরি তার বাড়ি থেকে নিখোঁজ হন। পরে ৫০ কিলোমিটার দূরে তার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। তদন্ত শেষে হেনলাইন গ্রেফতার হন।

এমএ