ব্যাপক আলোচনা-সমালোচনার পর ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আবারও পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা শুরু হয়েছে। আগামী ৩১ মার্চের মধ্যে একটি রাজনৈতিক সমঝোতায় পৌঁছাতে হবে উভয় পক্ষকে। আর চুক্তি চূড়ান্ত করতে হবে ৩০ জুনের মধ্যে। খবর রয়টার্সের।

সোমবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ এ আলোচনায় অংশ নেন। আলোচনা হচ্ছে সুইজারল্যান্ডের লুজানে। বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত রয়েছেন মার্কিন জ্বালানি সচিব আর্নেস্ট মোনিজ ও ইরানের পারমাণবিক কর্মসূচির প্রধান আলী আকবর সালেহি।

ইরান ও যুক্তরাষ্ট্রসহ ছয় শক্তির মধ্যে মতভেদ এখন অনেকটাই কম। ছয় শক্তির সঙ্গে একটি রাজনৈতিক চুক্তিতে সম্মত হতে ইরানকে আহবান জানিয়েছেন কেরি। চুক্তির বিনিময়ে ইরানের ওপর থেকে সব ধরনের অবরোধ তুলে নিবে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব।

আগামী ৩০ জুনের মধ্যে চূড়ান্ত চুক্তি স্বাক্ষরের সময়সীমা নির্ধারণ করা হয়েছে। এ বিষয়ে আগামী সপ্তাহেই ছয় শক্তির সঙ্গে আবারো আলোচনায় বসছে ইরান। তবে, আগামী সপ্তাহের কোনদিন আলোচনা হবে তা জানা যায়নি।

এমএ