গলফ খেলতে গিয়ে কুমিরের আক্রমণের শিকার হতে হলো ফ্লোরিডার এক গলফারকে । ম্যাগনোলিয়া ল্যান্ডিং গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাব গলফ কোর্সে ভয়ংকর এই ঘটনা ঘটে আর্টস নামের এক ব্যক্তির সাথে।

হেঁটে যাচ্ছিলেন আর্টস। বার্ডি পাওয়া থেকে মাত্র ১০ ফুটই দূরে ছিলেন তিনি। এই সময়ে হোলের এক পাশে থাকা হ্রদ থেকে উঠে আসে ১০ ফুট লম্বা একটি কুমির। আর্টস কিছু বোঝার আগেই কুমির তার ডান পায়ে কামড়ে ধরে। টেনেহিঁচড়ে তাঁকে কোমর পানিতে নিয়ে যায় কুমিরটি।

হঠাৎ আক্রমণে খুব হতভম্ব হয়ে পড়েছিলেন আর্টস। কিন্তু মুহূর্তেই বুঝতে পারেন, বিপরীত আক্রমণ না করলে বাঁচার উপায় নেই। হাতে থাকা পাটার দিয়ে কুমিরটির সঙ্গে লড়তে শুরু করেন,

তার মতে,‘আমার মনে পড়ে যায়, হাতে একটি ক্লাব আছে। কুমিরটি আমাকে কোমরপানিতে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই আমি ওটার মাথায় আঘাত করতে শুরু করি। বড় বড় চোখ করে কুমিরটি আমার দিকে তাকিয়ে ছিল। আর আমি ওটাকে মেরেই যাচ্ছিলাম। মনে হচ্ছিল আমাকে কুমিরটি আরও গভীরে নিয়ে যাচ্ছিল। শক্তি জোগাতে মনে মনে বললাম, তুমি আমাকে নিতে পারবে না্। আমি ওকে চোখে মারতে শুরু করলাম। তিনবার চোখে মারার পর ও আমার পা ছেড়ে দিয়েছে। আমি হামাগুড়ি দিয়ে ওপরে উঠে আসি।’

আটর্স নিজেকে বাঁচানোর পর ফ্লোরিডার ফিশ অ্যান্ড ওয়াইল্ডলাইফ কনজারভেশন কমিশনের কর্মকর্তারা এসে কুমিরটিকে ধরে নিয়ে যায়। প্রতিষ্ঠানটির ২০১৬ সালের হিসেব অনুযায়ী, ১৯৪৮ সাল থেকে সেখানে কুমিরের কামড় খাওয়ার ঘটনা ঘটেছে ৩৮৮টি। এর মধ্যে ২৪ জনের অবস্থা ছিল গুরুতর।


জেড