ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, বায়তুল মুকাদ্দাস হচ্ছে ফিলিস্তিনের চিরস্থায়ী রাজধানী।
বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) রাতে ফিলিস্তিনের রামাল্লায় সিভিল সোসাইটির প্রতিনিধিদের এক সমাবেশে তিনি এই কথা বলেন।
ফিলিস্তিনের প্রেসিডেন্ট আরও বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথিত ‘ডিল অব দ্যা সেঞ্চুরি’ হচ্ছে বৃটেনের বেলফোর ঘোষণার সমতুল্য।
তিনি বলেন, ১৯১৭ সালে ব্রিটেনের বেলফোর ঘোষণায় যেসব বিষয় ছিল এখন সেসব বিষয়কেই ‘ডিল অব দ্যা সেঞ্চুরি’ নাম দিয়ে পেশ করা হয়েছে।
মাহমুদ আব্বাস বলেন, আন্তর্জাতিকভাবে স্বীকৃত অধিকারের বিষয়ে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না।
১৯১৭ সালের ২ নভেম্বর তৎকালীন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেমস আর্থার বেলফোর ফিলিস্তিনিদের ভূখণ্ডে ইহুদিবাদীদের জন্য আবাসভূমি বা রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে যে ঘোষণা দিয়েছিলেন তা বেলফোর ঘোষণা নামে পরিচিত।
গত ২৮ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যকার দ্বন্দ্ব-সংঘাত নিরসনের নাম করে ‘ডিল অব দ্যা সেঞ্চুরি’ পরিকল্পনা প্রকাশ করেন। তবে এতে ফিলিস্তিনের আল-কুদস বা জেরুজালেম শহরকে ইসরাইলের অবিভক্ত রাজধানী হিসেবে উল্লেখ করা হয়েছে।
মার্কিন-ইহুদিবাদী এই পরিকল্পনায় বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত ফিলিস্তিনি শরণার্থীদেরকে তাদের মাতৃভূমিতে ফিরে যাওয়ার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। এছাড়া জর্দান নদীর পশ্চিম তীরের অবশিষ্ট অংশ ও গাজা উপত্যকা নিয়ে একটি দুর্বল ফিলিস্তিন রাষ্ট্র গঠনের কথা বলা হয়েছে।
ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষ এবং প্রতিরোধ আন্দোলনগুলো অর্থাৎ সকল ফিলিস্তিনি জনগণ ট্রাম্পের এই পরিকল্পনা প্রত্যাখ্যান করেছেন।
এমবি





