উত্তর আয়ারল্যান্ডের রাজধানী বেলফাস্টের সিটি এয়ারপোর্টে অবতরণের সময়ে পাইলটের কৃত্রিম বাহু দেহ থেকে আলাদা হয়ে গেলে তিনি বিমানের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন। এ সময়ে দুই ইঞ্জিনের ড্যাশ-৮ বিমানটি অটো পাইলট ব্যবস্থার আওতায় ছিল না বরং তা নিয়ন্ত্রণ করছিলেন বিমান চালক নিজে।

ফলে প্রচণ্ড বেগে অবতরণ করলেও সৌভাগ্যক্রমে বিমানের ৪৭ জন যাত্রীর কেউ আহত হন নি বা ড্যাশ-৮ বিমানটির কোনো ক্ষতি হয় নি।

চলতি বছরের ১২ ফেব্রুয়ারির এ ঘটনা ঘটেছে। কিন্তু বিমান দুর্ঘটনা বিষয়ক তদন্ত বিভাগ বা এএআইবি’র প্রতিবেদন থেকে তা জানা গেছে সম্প্রতি।

এ ঘটনার পর পাইলট বলেছেন, ভবিষ্যতে কৃত্রিম বাহু দেহে বাঁধার ক্ষেত্রে তিনি আরো সতর্ক হবেন এবং ভালোভাবে তা পরীক্ষা করে নেবেন। এ ছাড়া, ভবিষ্যতে এরকম জরুরি অবস্থা দেখা দিলে কো-পাইলটকে নিয়ন্ত্রণ গ্রহণের পরার্মশ দেবেন।

বিমানটি দ্যা ফ্লাইবি নামের একটি বেসরকারি বিমান সংস্থার। দুর্ঘটনার পর এক বিবৃতিতে ফ্লাইবি বলেছে, ঘটনার সঙ্গে জড়িত বিমান চালক এ সংস্থার একজন প্রবীণ, আস্থাভাজন ও অভিজ্ঞ পাইলট। নিয়োগের সম-সুযোগ নীতির আওতায় এ সংস্থা দৈহিক প্রতিবন্ধীদের চাকরি দেয়।

ঢাকা, ১৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম,টিআই