২০১৩ সালে প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতা থেকে অপসারণ করার বিরোধিতা করায় মিশরের সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল দেশটির ৩২ জন বিচারককে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে বলে এক কর্মকর্তা জানিয়েছেন।
গতকাল সোমবার এই সিদ্ধান্ত নেয়া হয়।
২০১৩ সালের জুলাই মাসে প্রেসিডেন্ট মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর থেকে সকল প্রকার বিরোধী মত দমনের অংশ হিসেবে এই ৩২ জন বিচারককে অব্যাহতি দেয়া হলো।
স্বৈরশাসক জেনারেল আবদেল ফাত্তাহ আল-সিসির এই দমনপীড়ন থেকে সেক্যুলার ও উদারপন্থীরাও রেহাই পায়নি।
নাম প্রকাশ না করার শর্তে জুডিশিয়াল কাউন্সিলের এক সদস্য সংবাদমাধ্যমকে বলেন, ‘রাজনৈতিক সিদ্ধান্তে হস্তক্ষেপ ও একটি বিশেষ দলকে (মুসলিম ব্রাদারহুড) সমর্থনের অভিযোগে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল আজ ৩২ জন বিচারককে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে।’
গত সপ্তাহে, একই কারণে আরো ১৫ জন বিচারককে অবসরে পাঠানো হয়েছে।
আন্তর্জাতিক বিচারক কমিশন (আইসিজে) এই সিদ্ধান্ত পরিবর্তনের জন্য মিশরের প্রতি আহ্বান জানিয়েছে।
কাউন্সিল কর্মকর্তারা জানিয়েছেন, কয়েকজন বিচারক ২০১৩ সালে কায়রোর রাব্বা স্কয়ারে প্রকাশ্যে মুরসিকে ক্ষমতাচ্যুত করার বিরোধিতা করে লিখিত বিবৃতি দিয়েছিলেন। সে সময় রাব্বা স্কয়ারে হাজার হাজার মুরসি সমর্থক তাকে পুনরায় ক্ষমতায় বসানোর জন্য আন্দোলন করেছিলেন।
২০১৩ সালের ১৪ আগস্ট পুলিশ নির্বিচারে হত্যাযজ্ঞ চালিয়ে রাব্বা স্কয়ারের ওই আন্দোলনকে ছত্রভঙ্গ করে দেয়।
সূত্র: আলজাজিরা
এমই





