ব্রিটেনসহ উত্তর ইউরোপের বিশাল এলাকাজুড়ে আজ সূর্যগ্রহণ হয়েছে। ব্রিটেন থেকে দেখা গেছে প্রায় পূর্ণ সূর্যগ্রহণ। পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ প্রদক্ষিণ করতে করতে যখন সূর্য ও পৃথিবীর মাঝখানে চলে আসে তখনই দেখা যায় সূর্যগ্রহণ। আন্তর্জাতিক সময় শুক্রবার ০৯টা ৪১ মিনিটে সর্বোচ্চ সূর্যগ্রহণ হয়। খবর বিবিসির।
ব্রিটিনসহ উত্তর ইউরোপের বিভিন্ন দেশের লাখ লাখ মানুষ এই সূর্যগ্রহণ পর্যবেক্ষণ করেন। তবে, খালি চোখে সূর্যগ্রহণ দেখা চোখের জন্য মারাত্মক ক্ষতিকর বলে বিজ্ঞানীরা জানান। তাই চোখে বিশেষ ধরনের চশমা লাগিয়ে সূর্যগ্রহণ দেখতে হয়।
দিনের বেলায় পৃথিবী ও সূর্যের মাঝখানে চাঁদ চলে আসায় সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে পারে না। সূর্যের আলো চাঁদে বাধাপ্রাপ্ত হয়, ফলে পৃথিবীতে চাঁদের ছায়া পড়ে। এ কারণে দিনের বেলাতেও পৃথিবীর যে অংশে সূর্যগ্রহণ হয় সেখানে অন্ধকার হয়ে যায়। তবে, অন্ধকারের মাত্রা নির্ভর করে চাঁদ সূর্যকে কতটুকু ঢাকতে পেরেছে তার ওপর।
সূর্যগ্রহণ শুরু হয় উত্তর আটলান্টিক থেকে। এরপর তা ধীরে ধীরে দেখা যায় ব্রিটেন ও উত্তর ইউরোপের দেশগুলোতে। তবে, আকাশে মেঘ থাকায় উত্তর ইউরোপের অনেক এলাকা থেকে সূর্যগ্রহণ ভালোভাবে দেখা যায়নি।
বিজ্ঞানীরা জানিয়েছেন, ওই অঞ্চলে গত কয়েক বছরের মধ্যে এটিই সবচেয়ে বড় সূর্যগ্রহণ। ব্রিটেনে এরকম আরেকটি সূর্যগ্রহণ দেখা যেতে পারে ২০২৬ সালে।
এমএ





