সিরিয়ার শক্তিশালী বিরোধী সংস্থা আহরার আল-শামের নতুন প্রধান হিসেবে 'আবু জাবের'-এর নাম ঘোষণা করা হয়েছে। ইদলিব প্রদেশে উর্ধ্বতন পর্যায়ের সভায় বোমা বিষ্ফোরণে হাসান আবুদের মৃত্যুর পর তার নাম প্রকাশ করা হল।
আবু সালেহ তাহানকে সহকারী করে হাসিম আল শেখ অর্থাৎ আবু জাবেরকে প্রধান করে বুধবার এ ঘোষণা দেয় সংস্থাটি।
মঙ্গলবার রাম হামদানের বাহিরে বোমা বিষ্ফোরণে নিহত হন আহরার আল-শাম ব্রিগেডের প্রধান আবুদসহ ৪৫ জন।
এটা সিরিয়ার সরকারি বাহিনী এবং আইএস'র বিরুদ্ধে যুদ্ধ অব্যহত রাখতে সহায়তা করবে বলে জানিয়েছে রয়টার্স।
সিরিয়ার মানবাধিকার নিরীক্ষণ সংস্থা জানিয়েছে, মিটিংয়ের উদ্দেশ্যে আবুদসহ ৫০ জন নেতা যখন একত্রিত হয় তখন এর ভিতরেই বোমা বিষ্ফোরিত হয়।
ইদলিবের এই মিটিংয়ে অহরারসহ অন্যান্য ইসলামিক জোটের সদস্যরা উপস্থিত ছিল। এর মধ্যে আবদাল্লাহ আযম এবং ঈমান ব্রিগেড উল্লেখযোগ্য। তারা আইএস'র সাথে যুদ্ধ কৌশল নিয়ে আলোচনা করছিল বলেও জানায় সংস্থাটি।
আহরারের রাজনৈতিক ব্যুরোর সদস্য আবু আল-মুস্তোফা আল-আম্বসি বলেন, এই আক্রমণে আহরারের শূরা কাউন্সিলের সদস্য আবু ইয়াযান আল শামী, মিলিটারি ফোর্সের কমান্ডার আবু তালহা আল আসকারী এবং ইউসুফ বিননিসও মৃত্যু বরণ করেছেন। এছাড়া ঈমান ব্রিগেডের প্রধান আবু আল জোবেইরও তাদের মধ্যে রয়েছেন।
তিনি বলেন, প্রথম বিষ্ফোরণটি ঘটে বাঙ্কারে। পূর্বেই কেউ কোনো অস্ত্র ভেতরে পুরে রাখতে পারে কারণ বাঙ্কারটি ছিলো গোপন স্থানে।
তিনি আরও বলেন, এদের হত্যার পর আমরা আরও প্রাণবন্ত হয়েছি। মাতৃভূমিকে স্বাধীন না করা পর্যন্ত আমরা যুদ্ধ অব্যাহত রাখব।
আল-কায়েদার প্রধান ওসামা বিন লাদেনের একান্ত সহকারী এবং আইমান আল জাওয়াহিরির ঘনিষ্ট আহরারের অরেক নেতা আবু খালেদ আল সোউরি বছরের শুরুর দিকে আইএস'র হাতে নিহত হন।
ইসলামিক ফ্রন্ট জোটের প্রধান বাহিনী আহরার আল শামের ২০,০০০ জন যোদ্ধা আছে। আইএস-এর বিরোধী হিসেবে বছরের শুরুতে বাহিনীটি আত্মপ্রকাশ করে।
আহরার দেশকে ইসলামিক নিয়ম-নীতি অনুযায়ী দেশকে চালানোর জন্যও সুপারিশ করে। যা নারীদের অধিকার রক্ষা, ধর্ম, ক্ষুদ্র- নৃ-গোষ্ঠীদের সহায়ক এবং আইএস প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সূত্র: আল জাজিরা।
ঢাকা, ১০ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ





