লিবিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয়ের জিতেন শহরে সামরিক বাহিনীর প্রশিক্ষণ কেন্দ্রে ট্রাক বোমা হামলায় অন্তত ৬৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১২৭ জন।
বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে রাজধানী ত্রিপোলির ১৬০ কিলোমিটার দূরের উপকূলীয় শহরটির ওই প্রশিক্ষণ কেন্দ্রের ফটকে এ হামলা চালানো হয়।
জিতেন শহরের মেয়র মিফতাহ লাহমাদি একটি বার্তা সংস্থাকে বলেন, প্রশিক্ষণ কেন্দ্রটিতে সদ্য নিয়োগপ্রাপ্ত কয়েকশ’ সদস্য সমবেত হয়েছিলেন। এসময়ই তাদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়।
স্থানীয় সংবাদ সংস্থা লানা জানায়, সদ্য নিয়োগপ্রাপ্তদের প্রাতঃপ্রশিক্ষণ চলাকালে ট্রাক বোমার বিস্ফোরণ ঘটলে অন্তত ৬৫ জন নিহত হয়। আহত হয় আরও ১২৭ জনের মতো।
শহরের প্রধান হাসপাতালের চিকিৎসক আবদেল-মোতলেব বিন হালিম জানিয়েছেন, আহতদের বেশ কিছু লোকের অবস্থা আশঙ্কাজনক। এ কারণে প্রশাসন চারটি হাসপাতালে ‘জরুরি অবস্থা’ ঘোষণা করা হয়েছে।
এটি আত্মঘাতী হামলা হলেও কারা চালিয়েছে সে বিষয়ে তৎক্ষণাৎ কিছু বলা হয়নি।
এমএম





