ঢাকা-কাঠমান্ডু বাস সার্ভিস চালুর বিষয়ে একমত হয়েছেন দুই দেশের পরিবহণমন্ত্রী।
রোববার কাঠমান্ডুতে দেশটির ভৌত অবকাঠামো ও পরিবহণ মন্ত্রণালয়ে দুই দেশের মন্ত্রীদের বৈঠকে এ সমঝোতা হয়।
নেপাল সফররত বাংলাদেশের সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং নেপালের ভৌত অবকাঠামো ও পরিবহণমন্ত্রী বিমলেন্দু নিধি প্রায় ঘন্টাব্যাপী বৈঠক করেন। এ সময় কাঠমান্ডুতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস্ উপস্থিত ছিলেন।
বৈঠকে বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের মধ্যে স্বাক্ষরিত মোটর ভেহিকল এগ্রিমেন্ট আগামী জানুয়ারিতে কার্যকর করার বিষয়ে আলোচনা হয়। এ সময় দুই মন্ত্রী ডিসেম্বরের মধ্যে সব পক্ষকে নিয়ে চুক্তি বাস্তবায়নের প্রস্তুতি শেষ করবেন বলে জানান।
নেপালের ভৌত অবকাঠামো ও পরিবহণমন্ত্রী সে দেশে সাম্প্রতিক ভূমিকম্পের পরপরই ত্রাণ সহায়তা নিয়ে এগিয়ে আসায় বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
বৈঠকে জানানো হয়, বিবিআইএন চুক্তি কার্যকরের লক্ষ্যে আগামী অক্টোবরে চার দেশের মধ্যে কার-র্যা লি হবে। এ ছাড়া সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে প্রয়োজনীয় প্রটোকল চূড়ান্ত করার লক্ষ্যে চার দেশের সড়ক পরিবহণ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব পর্যায়ের বৈঠক হবে ঢাকায়।
এ ছাড়া সার্ক মোটর ভেহিকল এগ্রিমেন্টের বিষয়টি এগিয়ে নিতে দুই মন্ত্রী একমত হন। এ লক্ষ্যে আগামী সেপ্টেম্বরে নেপালে সার্ক দেশসমূহের পরিবহণমন্ত্রীদের সভা আহ্বান করতে যাচ্ছে সার্ক সচিবালয়।
এ সময় বাংলাদেশ প্রতিনিধিদলের কাঠমান্ডুস্থ বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব এবং দূতাবাস প্রধান মোহাম্মদ বারিকুল ইসলাম, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মো. আবু নাছেরসহ নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভৌত অবকাঠামো ও পরিবহণ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
কেএইচ





