পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপনকারী চরমপন্থী ইহুদিদের দেওয়া আগুনে পুড়ে ১৮ মাস বয়সি যে ফিলিস্তিনি শিশু নিহত হয়েছিল, এবার তার অগ্নিদগ্ধ মায়েরও মৃত্যু হয়েছে।

পাঁচ সপ্তাহ লাইফ সাপোর্টে থাকার পর রোববার রাতে ইসরায়েলের একটি হাসপাতালে রিহাম দাওয়াবশার মৃত্যু হয়। এর আগে গত মাসে ওই শিশুটির অগ্নিদগ্ধ বাবার মৃত্যু হয়েছিল।

গত ৩১ জুলাই অবৈধ বসতি স্থাপনকারী চরমপন্থী ইহুদিরা পশ্চিম তীরের দুমা শহরে ফিলিস্তিনিদের দুটি বাড়িতে পেট্রলবোমা এবং ককটেল ছুড়ে মারে। এতে ওই বাড়ি দুটির একটিতে বসবাসরত সা’দ দাওয়াবশার ছেলে ১৮ মাসের আলী দাওয়াবশা অগ্নিদগ্ধ হয়ে মারা যায়।

এ ছাড়া আগুনে মারত্মক দগ্ধ হয় সা’দ দাওয়াবশা, তার স্ত্রী রিহাম ও তাদের আরেক সন্তান। এ ঘটনায় বিশ্বজুড়ে ইসরায়েয়েলের বিরুদ্ধে নিন্দার ঝড় ওঠে।

এ ছাড়া ফিলিস্তিনি কর্তৃপক্ষ আন্তর্জাতিক আদালতে ইসরায়েলের বিরুদ্ধে মামলাও দায়ের করে। পরে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ ঘটনার তদন্ত ও দোষীদের শাস্তির আশ্বাস দেন। একই সঙ্গে ইসরায়েলেই শিশুটির বাবা, মা ও ভাইয়ের চিকিৎসা করা হবে বলে জানান তিনি।

গত ৮ আগস্ট তেল আবিবের সোরোকা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আলীর বাবা সা’দ দাওয়াবশা। এবার লাইফ সাপোর্টে থাকা মা রিহাম দাওবাশারও রোববার মৃত্যু হলো।

তেল হাশহোমের হাসপাতালের মুখপাত্র জানিয়েছেন, রিহামের শরীরের ৮০ শতাংশই পুড়ে গিয়েছিল।

দাওয়াবশা পরিবারের সদস্য আনোয়ার দাওয়াবশা মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। সোমবার দুমা শহরই রিহামের দাফন সম্পন্ন হবে বলে জানিয়েছেন তিনি।

এমকে