মধ্যপ্রাচ্যে উত্তেজনা নিরসনের একমাত্র পথ হচ্ছে ইরান ও ৬ জাতিগোষ্ঠীর মধ্যে সই হওয়া পরমাণু সমঝোতায় ফিরে আসা বলে জানিয়েছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দেশটির রাজধানী বার্লিনে জার্মান সফররত জর্দানের রাজা দ্বিতীয় আব্দুল্লাহর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এই কথা বলেন অ্যাঙ্গেলা মার্কেল।

জার্মান চ্যান্সেলর বলেন, ইউরোপের লোকজন বিশ্বাস করে- ইরানকে পরমাণু অস্ত্র বানানো থেকে বিরত রাখার একমাত্র পথ হচ্ছে পরমাণু সমঝোতায় ফিরে যাওয়া। 

মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনার কথা উল্লেখ করে জার্মান চ্যান্সেলর বলেন, পরিস্থিতি শান্ত করার জন্য তার দেশ কূটনৈতিক প্রক্রিয়াকে সঠিক পথ বলে মনে করে।

মার্কেল আরও বলেন, জার্মানি সবসময় উত্তেজনা নিরসনের পক্ষে এবং রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমেই একমাত্র দীর্ঘমেয়াদী সমাধান আসতে পারে বলে মনে করে।

গত বছরের মে মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফা ও অবৈধভাবে পরমাণু সমঝোতা থেকে আমেরিকাকে বের করে নেন এবং ইরানের বিরুদ্ধে দফায় দফায় কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেন। এরপর থেকে ইরান ও আমেরিকার মধ্যে তীব্র উত্তেজনা চলছে।

যুক্তরাষ্ট্রের এসমস্ত পদক্ষেপের জবাবে ইরান ২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতার বেশকিছু ধারা বাস্তবায়ন স্থগিত করেছে এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থেকে শুরু করে পরমাণু কর্মসূচির বেশকিছু তৎপরতা শুরু করেছে।

এমবি