কচি-কাঁচাদের স্কুলমুখী করতে দোলনাসহ বিভিন্ন রকমের খেলার সামগ্রী দেবে ভারতের পশ্চিমবঙ্গ সরকার। এখন থেকে রাজ্যের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে খুদে পড়ুয়াদের জন্য দোলনা, স্লিপসহ বিভিন্ন রকমের আকর্ষণী খেলনা সামগ্রী সরবরাহ করবে রাজ্য সরকার।

সোমবার পশ্চিমবঙ্গের রাজ্য বিধানসভায় একথা জানান পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, রাজ্যের যেসব সরকারি স্কুলের পরিকাঠামো ভালো, সেই স্কুলগুলো এই জাতীয় খেলনার আবেদন জানালে তাদের খেলনা দেওয়া হবে। মূলত প্রাইমারি স্কুলের বাচ্চারা যাতে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করতে পারে তার জন্যই এই সিদ্ধান্ত।

এর আগে পশ্চিমবঙ্গ সরকারের তরফে খুদে পড়ুয়াদের স্কুলমুখী করতে জুতা, ব্যাগ, পোশাক দিয়েছে সরকার। এবারে সরকারি স্কুলে বিনোদন পার্ক তৈরি করে বাচ্চাদের স্কুলমুখী করতে এই সিদ্ধান্ত নেওয়া হলো। পশ্চিমবঙ্গের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর মাঠে বা ফাঁকা জায়গায় এই জাতীয় খেলনা রাখা থাকবে।

এরই মধ্যেই বিষয়টি নিয়ে স্কুল শিক্ষা দপ্তরের সঙ্গে দফায় দফায় বৈঠক করা হয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এবার রাজ্যের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে এই বিষয়ে নির্দেশিকা জারি হতে চলেছে বলেও জানান তিনি।

খেলাধুলার সরঞ্জাম সরবরাহের জন্য একটি সরকারি সংস্থাকে দরপত্র দেওয়া হয়েছে।

পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান, পড়াশোনার পাশাপাশি শিশুদের মানসিক বিকাশের জন্য খেলাধুলা করা প্রয়োজন। আর স্বভাবতই খেলার সরঞ্জাম শিশুদের কাছে অত্যন্ত আকর্ষণীয়। ফলে এই ধরনের খেলাধুলার সামগ্রী স্কুলে দেওয়া হলে স্কুলের প্রতি আকর্ষণ বাড়বে শিশুদের। উৎসাহ বাড়বে পড়াশোনার ওপর। কমবে স্কুলছুট পড়ুয়ার সংখ্যাও।

জেড