সিরিয়ার যুদ্ধবিধ্বস্ত শহর আলেপ্পোতে তিন ঘণ্টার ব্যবধানে তিনটি হাসপাতালে বোমাবর্ষণ করা হয়েছে। ইউনিসেফের আঞ্চলিক পরিচালক পিটার সালামা এক বিবৃতিতে এ তথ্য জানান।
বুধবার শহরটির পূর্ব দিকে বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকার তিনটি হাসপাতালে এ বোমাবর্ষণের ঘটনা ঘটে।
পিটার সালামা জানান, এদের মধ্যে একটি হাসপাতালে শিশুদের জরুরি চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছিল। বুধবার ওই হাসপাতালটিতে দ্বিতীয়বারের বোমাবর্ষণ করা হয়।
তবে, ঠিক কতজন এ বোমা হামলায় নিহত হয়েছে এ ব্যাপারে সংস্থাটির পক্ষ থেকে কোনো কিছু বলা হয়নি।
নিউইয়র্ক ভিত্তিক বেসরকারি সংগঠন ‘ফিজিসিয়ান ফর হিউম্যান রাইটস’ নামে একটি সংস্থা জানিয়েছে, এ হামলার ঘটনায় কয়েক ডজন লোক আহত হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালটির একজন ডাক্তার সংস্থাটিকে জানিয়েছে, হামলার পর এটি ছিল একটি ভয়ঙ্কর মুহূর্ত। নার্সরা শিশুদের নিয়ে বেসমেন্টে আশ্রয় নেয় এবং তাদের মধ্যে অনেক কান্নাকাটি শুরু করে।
ফিজিসিয়ান ফর হিউম্যান রাইটস জানায়, এ পর্যন্ত ৩৬৫টি বোমা হামলার ঘটনা নথিভুক্ত করা হয়েছে। এদের মধ্যে ২৫৯টি বিভিন্ন হাসপাতাল লক্ষ করে করা হয়েছে। সংস্থাটি আরো জানায়, এসব হামলার ৯০ শতাংশই সরকারিবাহিনী ও তাদের মিত্র দায়ী।
সূত্র: এনবিসি নিউজ
এমআইএস





