নিষিদ্ধ ঘোষিত সশস্ত্র গোষ্ঠী তেহরিকে তালেবান পাকিস্তান বা টিটিপি ঘোষণা করেছে, শাহীদুল্লাহ শাহীদকে এ গোষ্ঠীর মুখপাত্রের পদ থেকে অপসারণ করা হয়েছে। অন্য আরেক তালেবান সদস্যকে তার স্থলাভিষিক্ত করা হবে বলে এ ঘোষণায় উল্লেখ করা হয়েছে। টিটিপি’র এ বিবৃতি তাদের ওয়েব সাইটে দেয়া হয়েছে।
টিটিপি'র বিবৃতিতে বলা হয়েছে, শাহীদুল্লাহ শাহীদ নামের মুখপাত্রের প্রকৃত নাম আবু ওমর শেখ মকবুল। অবশ্য মুখপাত্র দায়িত্ব থেকে অব্যাহতি দেয়ার পরও শেখ মকবুল তার ছদ্মনাম শাহীদুল্লাহ শাহীদ ব্যবহার অব্যাহত রাখতে পারবেন। নতুন তালেবান মুখপাত্রে নাম যথাযথ ভাবে ঘোষণা করা হবে বলে এ বিবৃতিতে বলা হয়েছে।
আইএসআইএল'এর প্রতি আনুগত্য জানানোর পরই শাহীদুল্লাহ শাহীদকে তালেবান মুখপাত্রের পদ থেকে সরিয়ে দেয়ার ঘোষণা দেয়া হলো। শেখ মকবুলসহ পাকিস্তানের আরো পাঁচ জঙ্গি কমান্ডার এর আগে তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী আইএসআইএল'এর প্রতি আনুগত্য ঘোষণা করেছিল। তাদের এ ঘোষণার মধ্য দিয়ে এরই মধ্যে বিভক্ত তালেবান গোষ্ঠীর মধ্যে নতুন করে বিভক্তি সৃষ্টির বিষয়টি পরিষ্কার হয়ে ওঠে।
অবশ্য, মুখপাত্র দায়িত্ব থেকে অব্যাহতি দেয়ার ঘোষণার বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানান নি শাহীদুল্লাহ শাহীদ ওরফে আবু ওমর শেখ মকবুল। জুন মাসের মাঝামাঝিতে সেনা অভিযান শুরুর পর তালেবানের সাবেক শক্তিশালী ঘাটি উত্তর ওয়াজিরিস্তানের মিরানশাহ থেকে ভেগে গেছেন শাহীদ। সর্বশেষ পাওয়া খবরে বলা হয়েছিল পাকিস্তানের শাওয়াল উপত্যকায় সরে গেছেন তিনি। কিন্তু কোনো কোনো খবরে মনে হচ্ছে নিজ গোত্র ওরাকজাই অধ্যুষিত এলাকায় হয়ত শেষপর্যন্ত ফিরে গেছেন তিনি।
ইআর





