বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলায় এক কিশোরীর মাথা মুড়িয়ে, মুখে কালি মেখে গ্রামজুড়ে ঘুরানো হয়েছে। ঘটনাটি ঘটেছে ভারতের বিহার প্রদেশে। মঙ্গলবার এ ঘটনা ঘটলেও কিশোরী থানায় অভিযোগ করার পরই কেবল তা জানা গেছে। শুক্রবার এ খবর জানিয়েছে আলজাজিরা।
সংখ্যালঘু আদিবাসী সম্প্রদায়ের ওই মেয়েটির বাবা বেঁচে নেই। ১৪ বছর বয়সী মেয়েটি গ্রামের দলিত সম্প্রদায়ের অন্তর্ভূক্ত। বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলার সময় তারা গ্রামবাসীর হাতে ধরা পড়েন।
এরপর গ্রামের মাতব্বররা মেয়েটি এবং তার বয়ফ্রেন্ডকে ১২ হাজার রুপি জরিমানা করে। কিন্তু মেয়েটির পরিবার জরিমানার অর্থ দিতে না পারায় পরদিন শাস্তি হিসেবে মাথার চুল মুড়িয়ে, মুখে চুনকালি মেখে পুরো গ্রামে ঘুরিয়ে আনে।
ঘটনাটি ঘটেছে বিহারের পুর্নিয়া জেলার কাদওয়া টোলা গ্রামে। গ্রামটি প্রাদেশিক রাজধানী পাটনা থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে অবস্থিত।
জানা গেছে, ইয়াতিম ওই মেয়েটি তার দাদা-দাদির সঙ্গে গ্রামে বাস করে। তার দাদা একজন রিকশাচালক।
ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ সাতজনকে আটক করেছে। সূত্র: আলজাজিরা
[b]ঢাকা, ১৪ মার্চ (টাইমনিউজবিডি.কম) //এমএ[/b]