প্রতিবেশী দেশ পানামার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে ভেনেজুয়েলা। একই সঙ্গে উভয় দেশের মধ্য সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম স্থগিত করা হয়েছে। ভেনেজুয়েলায় চলমান সংকট নিরসনে পানামার পক্ষ থেকে আগ বাড়িয়ে পদক্ষেপ নেয়ার পরিপ্রেক্ষিতে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এই ঘোষণা দেন।
গত ৪ ফেব্রুয়ারি দক্ষিণ ভেনেজুয়েলার সান ক্রিস্তোবাল শহরে এক তরুণীকে ধর্ষণের চেষ্টার প্রতিবাদে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করলে তা পুরো ভেনেজুয়েলায় ছড়িয়ে পড়ে এবং সাম্প্রতিক সময়ে মাদুরো বিরোধী আন্দোলনে রূপ নেয়।
এরই পরিপ্রেক্ষিতে গত সপ্তাহে পানামার পক্ষ থেকে ভেনেজুয়েলার সংকট নিরসনে অর্গানাইজেশন অব আমেরিকান স্টেটসকে(ওএসি) জরুরি বৈঠকে বসার আহ্বান জানানো হয়। পানামার সরকারের এই পদক্ষেপে নাখোশ হয় ভেনেজুয়েলার ক্ষমতাসীন সরকার।
বুধবার ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট হুগো শ্যাভেজের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে মাদুরো বলেন, পানামা সরকারের অন্যায় পদক্ষেপের কারণে আমরা দেশটির সাথে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করছি এবং উভয় দেশের মধ্যে সব ধরনের অর্থনৈতিক লেনদেন এবং বাণিজ্যিক কার্যক্রম স্থগিত করা হচ্ছে।
এদিকে ভেনেজুয়েলার পক্ষ থেকে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণায় বিস্ময় প্রকাশ করেছে পানামা। এক বিবৃতিতে পানামা সরকার জানায়, এই ধরনের সিদ্ধান্ত অগ্রহণযোগ্য এবং পানামা আশা করে খুব শিগগগিরই উভয় দেশের মধ্যে ভ্রাতৃপ্রতিম সম্পর্ক পুনঃস্থাপিত হবে। সূত্র: বিবিসির
[b]ঢাকা, ৬ মার্চ (টাইমনিউজবিডডিটকম) // ইএইচ
[/b]