বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া প্রাণঘাতী নতুন ‘করোনাভাইরাসে’ আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছেই। চীনের হুবেই প্রদেশ এই ভাইরাসে নতুন করে আরও ১০৮ জনের মৃত্যু হয়েছে। ফলে প্রদেশটিতে ‘করোনাভাইরাসে’ প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২৯ জনে।
বুধবারের (১৯ ফেব্রুয়ারি) সর্বশেষ এই তথ্য আজ (২০ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার সকালে জানিয়েছে কর্তৃপক্ষ।
হুবেই স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, কোভিড-১৯ ভাইরাসের চীনে মোট ২ হাজার একশ ১২ জনের মৃত্যু হয়েছে। আর বিশ্বব্যাপী সে সংখ্যা দুই হাজার একশ ২০ জন। অর্থাৎ চীনের বাইরে বিভিন্ন দেশে প্রাণঘাতী ভাইরাসটিতে ৮জনের মৃত্যু হয়েছে। একইসঙ্গে বিশ্বব্যাপী ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৭৬ হাজার ২৬২ জন।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে জানা যায়, চীনের বাইরে করোনা ভাইরাসে হংকং ও ইরানে দুইজন করে চারজন এবং তাইওয়ান, জাপান, ফিলিপাইন, ফ্রান্সে একজন করে মোট চারজনের মৃত্যু হয়েছে।
করোনাজনিত কোভিড-১৯ রোগের প্রকোপ শুরুর পর থেকে বিচ্ছিন্ন উহান নগরীর মানুষ দিন কাটাচ্ছে চরম দুর্ভোগে। নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকানপাট বন্ধ। সেইসঙ্গে বাড়ির বাইরে বের হতে না পারায়, বেঁচে থাকার তাগিদে বাধ্য হয়েই অনলাইনে কেনাকাটার দিকে ঝুঁকতে হচ্ছে তাদের।
নিত্য প্রয়োজনীয় পণ্য যেমন চাল, আটা, ময়দা, মাংস, দুধ, ডিম সবজিও কিনতে হচ্ছে ই-কমার্সের সাইট থেকে।
ভাইরাসটিকে বিশ্ববাসীর জন্য ‘মারাত্মক হুমকি’ হিসেবে চিহ্নিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থার মহাপরিচালক ইথিওপিয়ার টেডরস আধানম গেব্রিয়াসেস বলেছেন, ভাইরাসটি যেকোনো সন্ত্রাসবাদী পদক্ষেপের চেয়েও শক্তিশালী হতে পারে।
এমবি





