নিম্নমানের খাবার নিয়ে ছবি পোস্ট করা আলোচিত সেই জওয়ান তেজ বাহাদুর যাদবের কোন খোঁজ পাচ্ছে না তার পরিবার। তার পরিবারের অভিযোগ গত কয়েক দিন ধরে অনেক চেষ্টা করেও তার কোনো খোঁজ পাওয়া যায় নি।

ছবি পোস্ট করে বিএসএফ কর্তাদের বিরাগভাজন হন তেজ বাহাদুর যাদব। দ্রুত ভাইরাল হয়ে ছড়িয়ে পড়া এই ছবির জন্য পাক জওয়ানরা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের সমালোচনা করতে শুরু করে। গোটা ঘটনার জেরে খোদ প্রধানমন্ত্রীর দফতর থেকে অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ দেয়া হয়।

যাদবের শ্যালক সাংবাদিকদের জানান, ফোনে শেষবার আমার বোনের সঙ্গে কথা হওয়ার সময়ই যাদব জানিয়েছিলেন, তাকে অপরিচিত জায়গায় নিয়ে যাচ্ছেন বিএসএফ বাহিনীরা। এরপর আর পরিবারের কারও সঙ্গে কথা হয়নি। ফলে, যাদবকে নিয়ে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে তার পরিবার। বিএসএফ কর্তাদের এই নিষ্ক্রিয়তায়, এবার আদালতের শরণাপন্ন হতে চলেছে পরিবার। হেবিয়াস কর্পাস পিটিশন দায়েরের প্রস্তুতি নিচ্ছেন তার স্ত্রী।

যাদবের পরিবারের আরও অভিযোগ, বিষয়টি নিয়ে বিএসএফ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার চেষ্টা করেও তারা ব্যর্থ হয়েছেন। এমনকি চিঠিরও জবাব দেননি তারা। যাদবের স্ত্রীর আরও অভিযোগ করে জানান, ছবি পোস্টের পরেই অফিসাররা তার স্বামীর সঙ্গে দুর্ব্যবহার করতে থাকেন। ছুটি বাতিল করে দেওয়া হয়। এমনকি ভিআরএস নেওয়ার আর্জিও খারিজ হয়ে যায়। শুরু হয় শারীরিক ও মানসিক নির্যাতন। তবে বিএসএফ কর্তৃপক্ষ এসব অভিযোগ নাকচ করে দিয়েছেন।


জেড