ফিলিস্তিনের গাজায় ইসরাইলি আগ্রাসন বন্ধে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে মিশর। সোমবার দেশটির পক্ষ থেকে এ প্রস্তাব দেয়া হয়।
প্রস্তাবের বিষয়ে ইসরায়েল এবং হামাস উভয়পক্ষই ইতিবাচক ইঙ্গিত দিচ্ছে বলে জানা গেছে। দুই পক্ষের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সাথে কয়েকদফা বৈঠক করেছে মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রস্তাবিত এই উদ্যোগ অনুযায়ী, মঙ্গলবার সকাল থেকেই যুদ্ধবিরতি কার্যকর করার আহ্বান জানানো হয়েছে।
এদিকে, হামাসের প্রধান ইসমাইল হানিয়া বলেছেন, অবরোধ, ক্ষুধা, বোমা হামলা এই সমস্যাগুলো গাজার বাস্তবতা। ইসরাইলের অবরোধ অবশ্যই থামাতে হবে এবং গাজার মানুষের প্রয়োজন সম্মানের সাথে বাঁচা।
উল্লেখ্য, ২০১২ সালের শেষের দিকে মিশরের প্রথম গণতান্ত্রিক প্রেসিডেন্ট মুহাম্মদ মুরসি তার প্রভাবকে কাজে লাগিয়ে ফিলিস্তিন ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি চু্ক্তি বাস্তবায়ন করেছিলেন।
বাড়ছে লাশের মিছিল
ফিলিস্তিনের কর্তৃপক্ষ জানিয়েছে, গত মঙ্গলবার থেকে শুরু হওয়া ইসরাইলের হামলায় এ পর্যন্ত ১৮৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। জাতিসংঘ বলছে, নিহতদের তিন চতুর্থাংশ হলেন বেসামরিক নগরিক। সূত্র: বিবিসি।
ঢাকা, ১৫ জুলাই (টাইমনিউজবিডি.কম)// টিআই





