ওসামা বিন লাদেনের হত্যাকারী আসলে কে এ নিয়ে বিতর্ক দেখা দিয়েছে খোদ মার্কিন নেভি সিলের মধ্যেই। নেভি সিলের কোন সদস্যের গুলিতে আল কায়েদার প্রধান নিহত হয়েছিলেন তা নিয়ে ধোঁয়াশা দেখা দিয়েছে।

সম্প্রতি ওয়াশিংটন পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ওই অভিযানে অংশ নেওয়া মার্কিন নেভি সিলের সাবেক সদস্য রবার্ট ওনিল (৩৮) জানান, তিনি লাদেনকে গুলি করেছিলেন।

তবে ২০১২ সালে প্রকাশিত একটি বইয়ে লাদেন হত্যার অভিযানে অংশ নেওয়া নেভি সিলের আরেক সাবেক সদস্য ম্যাট বিসোন্যাট ভিন্ন দাবি করেছেন।

২০১২ সালে অবসরে যাওয়া ওনিল অবশ্য এর আগে এস্কয়ার ম্যাগাজিনে বেনামে লাদেন হত্যার কাহিনী বলেছিলেন।

চলতি মাসের শেষে একটি টেলিভিশন সাক্ষাৎকারে ওনিল তার পরিচয় প্রকাশ করতে চেয়েছিলেন। তবে এর আগেই একটি ওয়েবসাইট তার পরিচয় প্রকাশ করে বলে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে।

সাক্ষাৎকারে ওনিল জানান, নেভি সিলের আরেকজন সদস্যকে নিয়ে এ্যাবোটাবাদের ওই বাড়ির দ্বিতীয় তলায় উঠে দেখেন একটি কক্ষের দরজা দিয়ে লাদেন উঁকি দিচ্ছেন। অবশ্য ওই সদস্যের নাম জানাননি তিনি।

ওই নেভি সিল সদস্য লাদেনকে গুলি করলেও তা লাগে নি বলে ওনিল জানান। সঙ্গে সঙ্গেই ওনিল ঘরে ঢুকে লাদেনের মাথায় গুলি করে তাকে হত্যা করেন বলে জানান তিনি।

তবে বিসোন্যাট তার নো ইজি ডে বইয়ে দাবি করেন, একজন পয়েন্টম্যানের গুলিতে লাদেন নিহত হয়েছিলেন।

তবে বৃহস্পতিবার এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ওনিলের দাবির সরাসরি বিরোধিতা করেন নি বিসোন্যাট। সাক্ষাৎকারে তিনি বলেন, দুইজন মানুষ পৃথক দুই কারণে পৃথক দুইটি কাহিনী বলছে।

বিসোন্যাটের দ্বিতীয় বই নেভি সিলের কর্মজীবন নিয়ে লেখা নো হিরো এর প্রকাশনার আগে তার সিবিএস নিউজ ম্যাগাজিনে সাক্ষাৎকার দেওয়ার কথা ছিল।

যদিও প্রথম বই নো ইজি ডেতে লাদেন হত্যাকাণ্ডের ব্যাপারে গুরুত্বপূর্ণ তথ্য ফাঁসের জন্য এখনও তদন্তের মুখোমুখি রয়েছেন বিসোন্যাট।

এদিকে, পেন্টাগন ও’নিলের দাবি অস্বীকার করেনি আবার সত্যি বলে নিশ্চিতও করেনি। তবে গত সপ্তাহে সিনিয়র স্পেশাল অপারেশন কর্মকর্তাদের চিঠি দিয়ে নেভি সিলের প্রত্যেক সদস্যকে কোনো অভিযানের ব্যাপারে নীরবতা মেনে চলার ব্যাপারে বলা হয়েছে। এমনকি তাদের জনগণের সামনে কৃতিত্ব নেওয়ার বিষয়টিও এড়িয়ে চলতে বলা হয়েছে।

২০১১ সালে পাকিস্তানের এ্যাবোটাবাদে মার্কিন নেভি সিলের একটি অভিযানে হত্যা করা হয় লাদেনকে। এরপর তার লাশ সমাহিত করা হয় সমুদ্রে।

তবে এ্যাবোটাবাদের ওই বাড়িতে অভিযান চালানোর সময় অন্ধকার ছিল এবং নেভি সিলের সদস্যরাও খুব কাছাকাছি ছিল। তাই কার গুলিতে লাদেন নিহত হয়েছেন তা বোঝা যাবে কিনা তা নিয়ে প্রশ্নই থেকে যায় বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

এমএ