"এই পৃথিবীতে আগেও ধর্ষণ হয়েছে, এখনও হয়, যতদিন পৃথিবী টিকে থাকবে ততদিন ধর্ষণও হবে।" এই মন্তব্য করেছেন ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস দলীয় এক বিধায়ক।
বুধবার সন্ধ্যায় কলকাতার ডায়মন্ড হারবারের এক জনসভায় প্রকাশ্যে এ ঘোষণা দেন দীপক হালদার নামের এই বিধায়ক।
যদিও তার মন্তব্য ঘিরে বিতর্ক শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই ড্যামেজ কন্ট্রোলে নেমে পড়েন এই তৃণমূল নেতা। দাবি করেন তার বক্তব্যের লক্ষ্য ছিল সচেতনতা বৃদ্ধি।
নিজের বক্তব্যের জবাবদিহি করতে গিয়ে দীপক বাবু বলেন, "দয়া করে আমার বক্তব্যের অপব্যাখ্যা করবেন না। বোঝার চেষ্টা করুন আমি আসলে কী বলতে চেষ্টা করেছি। আমরা ধর্ষণকে মোটেও সমর্থন করি না। ...আমি এ কথা বলেছি কারণ ধর্ষণ আসলে একটি সামাজিক ব্যাধি। মমতা ব্যানার্জির একার পক্ষে এই সমস্যার সমাধান করা সম্ভব নয়। আমি বা অন্য কারোর একার পক্ষেও এর সমাধান অসম্ভব। সবাই সম্মিলিত সিদ্ধান্ত নিন। যেখানেই এই ধরণের ঘটনা ঘটবে তার প্রতিবাদ করুন।''
তবে স্বাভাবিকভাবেই দীপক বাবুর জবাবদিহিতে চিড়ে ভিজছে না। বিরোধীরা তার সমালোচনায় একজোট হয়েছেন।
সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী জানিয়েছেন এই ধরনের মন্তব্য আসলে তৃণমূলের নেতা-কর্মীদের মানসিকতার পরিচয় দেয়। কংগ্রেস নেতা আব্দুল মান্নান আবার বলেছেন কীভাবে কথা বলতে হয় সেটাই তৃণমূল নেতারা জানেন না। সূত্র: জি নিউজ
ঢাকা, ২৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএমএ





