সিরিয়ার কোবানি শহরের একটি ভবনে নিজেদের পতাকা স্থাপন করেছে ইসলামিক স্টেটে’র (আইএস) যোদ্ধারা। তিন সপ্তাহ ধরে চলা সংঘর্ষের মধ্যে পতাকাটি স্থাপন ওই এলাকায় সংগঠনটির নিয়ন্ত্রণের প্রথম ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে।

অপরদিকে সেখানকার কুর্দি যোদ্ধারা বলেছে, আইএস যোদ্ধারা এখনও শহরে প্রবেশ করতে পারেনি।

তুরস্ক সীমান্তের কোবানি শহরের চারতলা ভবনের ছাদে আইএসের কালো পতাকা দেখা যাচ্ছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এখানে গত কয়েকদিন ধরে আইএস ও কুর্দি যোদ্ধাদের মধ্যে তুমুল সংঘর্ষ চলছে।

ইসমাইল এস্কিন নামের স্থানীয় এক সাংবাদিক জানান, আইএস যোদ্ধারা শহরের পূর্বাঞ্চলের একটি ভবনের ছাদে তাদের পতাকা স্থাপন করেছে যা শহরের ভেতরে নয়। উভয়পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ চলছে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, মার্কিন নেতৃত্বাধীন জোট বাহিনী আইএস যোদ্ধাদের ওপর বিমান হামলা চালালেও তাদের অগ্রগতিকে ঠেকিয়ে রাখতে পারছে না।

এর আগেও আইএস কোবানিতে প্রবেশের চেষ্টা করেছে। কিন্তু সেখানকার কুর্দি যোদ্ধারা তাদের হটিয়ে দেয়।

কোবানি প্রতিরক্ষা বিভাগের প্রধান এসমাত আল শেখ বলেছেন, ‘যদি তারা (আইএস) কোবানিতে প্রবেশ করে তাহলে এটি তাদের ও আমাদের জন্য একটি গোরস্থানে পরিণত হবে।’

তিনি বলেন, ‘আমরা জীবিত থাকা অবস্থায় তাদের কোবানিতে প্রবেশ করতে দেব না। আমরা জয়ী হব না হয় মরব।’

সূত্র: রয়টার্স

জেএ