নন্দীগ্রামের ভোট গণনা প্রক্রিয়া এখনও শেষ হয়নি বলে জানিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস। দলের পক্ষ থেকে বলা হয়েছে, নন্দীগ্রামের ভোট গণনা প্রক্রিয়া এখনও শেষ হয়নি, দয়া করে এখনই কিছু (বিভ্রান্তিকর তথ্য) ছড়াবেন না। খবর টাইমস অব ইন্ডিয়ার।
এর আগে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকা জানায়, নন্দীগ্রামে নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় নয়, জয়ী হয়েছেন শুভেন্দু অধিকারী।
তবে শুভেন্দু জয়ী হওয়ার খবর মেনে নেননি মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, রায় ঘোষণার পর কারচুপি হয়েছে। এ নিয়ে আদালতে যাব।
তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখন পর্যন্ত এ নিয়ে কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি।
আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, ১৭ রাউন্ড ভোটগণনার পর তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে জয়ী হয়েছেন বলে খবর আসছিল। কিন্তু সন্ধ্যা গড়াতে মমতার জয় নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। বলা হয়, সার্ভারে সমস্যার জেরে সঠিকভাবে কিছু জানা যাচ্ছে না। তার পরেই ১৬২২ ভোটে শুভেন্দু অধিকারীর জয়ের খবর আসে।
এ নিয়ে যোগাযোগ করা হলে আনন্দবাজার অনলাইনকে ফোনে শুভেন্দু অধিকারী বলেন, ‘‘১৬২২ ভোটে জিতেছি আমি।’’ যদিও পোস্টাল ব্যালট ছাড়া মমতার সঙ্গে শুভেন্দুর জয়ের ব্যবধান ৯৭৮৭ ভোটের। তার পর সাংবাদিক বৈঠকে নন্দীগ্রামে হেরে গিয়েছেন বলে জানান মমতা।
তিনি বলেন, আমার কাছে অভিযোগ রয়েছে, রায় ঘোষণার পর কারচুপি হয়েছে। নন্দীগ্রামের মানুষ যে রায় দেয় আমি তা মাথা পেতে মেনে নেব। এ নির্বাচনে বিজেপি হেরে গেছে। আমরা ২২১টিরও বেশি আসন পাব। পশ্চিমবঙ্গের জয়ের জন্য সকলকে অভিনন্দন। পশ্চিমবঙ্গের জয়, মানুষের জয়। পশ্চিমবঙ্গ আজ ভারতকে বাঁচিয়েছে।
এর আগে সংবাদ সংস্থা এএনআই জানিয়েছিল, ১২০২ ভোটে নন্দীগ্রামে জয়ী হয়েছেন মমতা।





