চীনের এক নারী একটি প্রমোদতরী থেকে সাগরে পড়ে যাওয়ার পর তাকে উদ্ধারের আগ পর্যন্ত ৩৮ ঘণ্টা সাগরে ভেসে ছিলেন।চীনের গণমাধ্যমের বরাত দিয়ে সোমবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, চীনের সাংহাইয়ের বাসিন্দা ওই নারীর নাম ফান। জাহাজের ডেকে দাঁড়িয়ে রেলিং ধরে ঝুঁকে আশপাশের প্রাকৃতি সৌন্দর্য উপভোগের সময় অসাবধানতাবশত সাগরে পড়ে যান তিনি।

স্থানীয় সময় বুধবার রাতে জাহাজটির চারতলার ডেক থেকে সাগরে পড়ে যান ফান। যে উচ্চতা থেকে তিনি সাগরে পড়েন তা ছিল প্রায় সাত তলা ভবনের সমান।

এ ঘটনায় সামান্য আঘাত পেলেও বেশ ভালোভাবেই উতরে যান ৩২ বছর বয়সী ফান।

চীনের গণমাধ্যম 'সাউথ চায়না মর্নিং পোস্টের' এক প্রতিবেদনে বলা হয়েছে, পাঁচদিনের নৌবিহারে দক্ষিণ কোরিয়া ও জাপানের উদ্দেশ্যে সাংহাইয়ের রয়্যাল ক্যারাবিয়ান থেকে যাত্রা শুরু করে প্রমোদতরীটি।

তবে মাঝপথেই সেই জাহাজ থেকে সাগরে পড়ে যান ফান। আর সাগরে পড়ার পর তেমন কোনো অবলম্বন ছাড়াই প্রায় ৩৮ ঘণ্টা ভেসে থাকেন তিনি। পরে জেলেরা তাকে দেখতে পেয়ে উদ্ধার করে।

প্রমোদতরীতে ফানের সঙ্গে তার মা-বাবাও ছিলেন। তবে তাৎক্ষণিকভাবে তারা বিষয়টি বুঝতে পারেননি। কয়েক ঘণ্টা পর মেয়েকে খুঁজে না পেয়ে চারতলার ডেকে ওঠার সিড়িতে থাকা সিসিটিভির ফুটেজ দেখে তারা বুঝতে পারেন ফান চারতলার ডেক থেকে সাগরে পড়ে গেছে।

এদিকে সাগরে পড়ে যাওয়ার পর দীর্ঘ সময় ফানের কোনো সন্ধান না মেলায় একটা পর্যায়ে তাকে উদ্ধারের আশা ছেড়েই দিয়েছিলেই তার বাবা। এমনকি ৩৮ ঘণ্টা পর তাকে উদ্ধারের কথা জানানো হলেও তাৎক্ষণিকভাবে তিনি তা বিশ্বাস করতে পারেননি। পরে টেলিফোনে ফানের সঙ্গে কথা বলানোর পরই মেয়ে জীবিত আছে বলে নিশ্চিত হন তিনি।

এসএ/টাইম