শ্রীলঙ্কায় গির্জা ও হোটেলে ভয়াবহ সিরিজ বোমা হামলার পর আরও একটি সন্ত্রাসী হামলা চালানোর পরিকল্পনা করছে সন্ত্রাসীরা। এমন হামলা অত্যাসন্ন।
এবার তারা সেনাবাহিনীর পোশাক পরে এই হামলা চালাতে পারে। দেশটির নিরাপত্তা রক্ষাকারী কর্মকর্তারা এই হুঁশিয়ারি দিয়েছেন।
শ্রীলঙ্কার রাজধানী কলম্বো থেকে এই খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
নিরাপত্তা সূত্রগুলো বলেছেন, রোববার অথবা সোমবারে ৫টি স্থানে হামলা পরিকল্পনা করেছে জঙ্গিরা। নিরাপত্তা বিষয়ক মন্ত্রণালয় বিভাগের প্রধান আইন প্রণেতা ও অন্যান্য কর্মকর্তাদের কাছে পাঠানো এক চিঠিতে বলেছে, আরেক দফা হামলা হতে পারে।
ওই চিঠিটি রয়টার্সের সাংবাদিকও দেখতে পেয়েছেন। এতে বলা হয়েছে, এবিষয়ে নির্ভরযোগ্য তথ্য আছে যে, সেনাবাহিনীর পোশাক পরে জঙ্গিরা হামলা চালাতে পারে। হামলায় ব্যবহার করতে পারে ভ্যান।
তবে রোববার (২৮ এপ্রিল) পেরিয়ে গেছে। এদিন হামলা হয় নি। তবে সোমবারে (২৯ এপ্রিল) সারাদেশে নিরাপত্তা জোরদার করা হয়।
গত ২১ এপ্রিল হামলার পর গ্রেফতার করা হয়েছে ইসলামপন্থি বেশ কিছু সন্দেহ ভাজনকে। সর্বশেষ নিরাপত্তা এলার্ট সম্পর্কে অবহিত থাকার কথা রয়টার্সকে নিশ্চিত করেছেন মন্ত্রীপরিষদের দু’সদস্য ও বিরোধী দলীয় দু’জন এমপি।
স্বাস্থ্যমন্ত্রী রজিথা সেনারত্নে বলেছেন, আমাদেরকে এই বিষয়ে জানানো হয়েছে।
গত ২১ এপ্রিল সকাল থেকে দুপুর পর্যন্ত শ্রীলঙ্কার রাজধানী কলম্বোসহ দেশটির বিভিন্ন এলাকায় গির্জা ও হোটেলে সব মিলিয়ে ৮টি বিস্ফোরণ ঘটে। ধর্মীয় উৎসব ইস্টার সানডে উপলক্ষে খ্রিস্টান ধর্মাবলম্বীরা গির্জায় থাকা অবস্থায় বিস্ফোরণগুলো ঘটে। ওই ঘটনার দায় স্বীকার করেছে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন তথাকথিত ইসলামিক স্টেট (আইএস)। তারা এই ঘটনার মূল হোতাসহ ৭ জনের ছবিও প্রকাশ করেছে।
তবে কর্তৃপক্ষ মনে করে ন্যাশনাল তাওহিদ জামায়াত ও জমিয়াতুল মিল্লাত ইব্রাহিম ৩টি চার্চ ও ৩টি অভিজাত হোটেলে ভয়াবহ এই সন্ত্রাসী হামলা চালায়।
এমবি





