থাইল্যান্ডের রক্তপাতহীন সামরিক অভ্যুত্থানের নায়ক জেনারেল প্রাইয়ুথ চান-ওচাকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছে দেশটির পার্লামেন্ট।
সেনাবাহিনীর পক্ষ থেকে মনোনয়ন নিয়ে পার্লামেন্টে বসা ১৯৭ জন সংসদর সবাই বৃহস্পতিবার চান-ওচাকে প্রধানমন্ত্রী হিসেবে অনুমোদন দেন।
বিবিসি'র সাংবাদিক জোনাথান হেড রাজধানী ব্যাংকক থেকে জানান, সংসদে ভোটাভুটি বিষয়টি ছিল আনুষ্ঠানিকতা মাত্র। জেনারেল প্রাইয়ুথ চান-ওচা ছিলেন একমাত্র প্রধানমন্ত্রী প্রার্থী এবং ১৫ মিনিটের মধ্যেই তার নির্বাচিত হওয়ার বিষয়টি সম্পন্ন হয়। আশা করা হচ্ছে, নতুন প্রধানমন্ত্রীকে অনুমোদন করবেন দেশটির রাজা ভূমিবল আদুলইয়াদেজ।
উল্লেখ্য, গত ২২ মে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা সরকারকে ক্ষমতাচ্যুত করেন ৬০ বছর বয়সি জেনারেল প্রাইয়ুথ। বিরোধীদলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রী ইংলাকের কয়েক মাস ধরে টানাপড়েন ও রাজনৈতিক অস্থিতিশীলতা চলার পর ওই সামরিক অভ্যুত্থান হয়।
ঢাকা, ২১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসআর, টিআই





