তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের কাছে ক্ষমা চাওয়ার কথা অস্বীকার করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন।
মার্কিন টিভি চ্যানেল সিএনএন’র সঙ্গে এক সাক্ষাতকারে তিনি বলেছেন, “তুর্কি প্রেসিডেন্টের কাছে ক্ষমা চাওয়ার কোনো ঘটনা ঘটে নি। আমি তাকে আমার বক্তব্যের বিষয়ে ব্যাখ্যা দিয়েছি মাত্র।”
গত ৫ অক্টোবর তুরস্কের গণমাধ্যম দাবি করেছিল- মধ্যপ্রাচ্যের আলোচিত সশস্ত্র গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) ইস্যুতে বাইডেনের বক্তব্যে ক্ষুব্ধ হয়েছেন তুর্কি প্রেসিডেন্ট এরদোগান। আর এরই পরিপ্রেক্ষিতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট ফোন করে ক্ষমা চেয়েছেন। কিন্তু বাইডেন এ খবর প্রত্যাখ্যান করে বলেছেন- এ খবর ভিত্তিহীন। আমি ক্ষমা চাই নি।
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে দেয়া এক ভাষণে বলেছিলেন, তুরস্ক, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মতো আমেরিকার কিছু মিত্র দেশ আইএস সৃষ্টি ও এর উত্থানের ক্ষেত্রে ভূমিকা রাখছে। তিনি আরো বলেছিলেন, সিরিয়ায় মার্কিন মিত্ররাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। এরপর তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের ওই বক্তব্য প্রত্যাখ্যান করেন। সূত্র: আইআরআইবি
এমএ





