দীর্ঘদিন রক্তক্ষয়ী লড়াইয়ের পর একটি স্বায়ত্তশাসিত অঞ্চল পেল ফিলিপাইনের মিন্দানাওয়ের মুসলমানরা। স্বায়ত্তশাসিত অঞ্চলটির নাম হলো 'বাংসামরো'। বৃহস্পতিবার ফিলিপাইন সরকারের সঙ্গে এক চুক্তিতে এ স্বীকৃতি পেল বাংসামরো। চুক্তির অপর পক্ষ হচ্ছে মিন্দানাওয়ের স্বাধীনতার জন্য লড়াইরত 'মরো ইসলামিক লিবারেশন ফ্রন্ট' (এমআইএলএফ)। খবর আলজাজিরার।
১৭ বছর ধরে শান্তি আলোচনা-সমঝোতা চলার পর বৃহস্পতিবার চুক্তিটি স্বাক্ষরিত হলো। রাজধানী ম্যানিলার প্রেসিডেন্ট প্রাসাদে স্বাক্ষরিত হয় চুক্তিটি। মিন্দানাওয়ের স্বাধীনতার জন্য কয়েক দশক ধরে লড়াই করে আসছিল এমআইএলএফ। সংঘর্ষে প্রাণ হারিয়েছেন এক লাখ ২০ হাজার মানুষ।
এমআইএলএফ-এর চেয়ারম্যান হাজী মুরাদ ইবরাহিম চুক্তির পর বলেছেন, "এই সমন্বিত চুক্তির মাধ্যমে আমাদের সংগ্রাম বিজয়ের মুকুট ছিনিয়ে আনতে সক্ষম হয়েছে।" এই চুক্তি স্বাক্ষরকে বিজয় বলে অভিহিত করেন তিনি।
চুক্তি অনুযায়ী ২০১৬ সালে বাংসামরোতে নির্বাচনের মাধ্যমে সরকার গঠিত হবে। এর আগে একটি অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকবে। বাংসামরো সরকারের হাতে বাজেট প্রণয়ন ও পুলিশ বাহিনী গঠনের ক্ষমতা থাকবে।
চুক্তির ব্যাপারে সরকারপক্ষের প্রধান সমঝোতাকারী মিরিয়াম ফেরার বলেন, "আমরা আশা করছি এই চুক্তির মাধ্যমে এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠিত হবে। আমরা আমাদের মধ্যে যেসব বিষয়ে মতবিরোধ রয়েছে সেগুলো কাটিয়ে উঠতে পারবো।"
চুক্তিতে স্বাক্ষর করেন প্রেসিডেন্ট বেনিগনো অ্যাকুইনো ও হাজী ইবরাহিম। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে শান্তি আলোচনার মধ্যস্থতাকারী ছিল মালয়েশিয়া।
এ ছাড়াও এমআইএলএফ'এর পাঁচ শতাধিক সাবেক যোদ্ধা সেখানে উপস্থিত ছিলেন। ফিলিপাইন সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা ও কূটনীতিকেরা এ সময় উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, মিন্দানাওকে নিজেদের পূর্বপুরুষের ভূমি বলে দাবি করে এর স্বাধীনতার জন্য লড়াই করে আসছিলেন সেখানকার মুসলমানরা। তবে, চুক্তি অনুযায়ী এখন থেকে তারা স্বাধীনতার জন্য সশস্ত্র লড়াই করবেন না। তারা অস্ত্র সমর্পণে সম্মত হয়েছেন। সূত্র: আলজাজিরা
[b]ঢাকা, ২৭ মার্চ (টাইমনিউজবিডি) //এমএ
[/b]
আন্তর্জাতিক
স্বায়ত্তশাসন পেল ফিলিপাইনের মুসলমানরা
দীর্ঘদিন রক্তক্ষয়ী লড়াইয়ের পর একটি স্বায়ত্তশাসিত অঞ্চল পেল ফিলিপাইনের মিন্দানাওয়ের মুসলমানরা। স্বায়ত্তশাসিত অঞ্চলটির নাম হলো 'বাংসামরো'। বৃহস্পতিবার ফিলিপাইন সরকারের সঙ্গে এক চুক্তিতে এ স্বীকৃতি পেল বাংসামরো।





