ঝকঝকে চকচকে অফিসঘর। তেমনই পরিচছন্ন্ শৌচাগার। সেই শৌচাগার থেকেই উদ্ধার হল প্রায় ছয় ফুট লম্বা অজগর জাতীয় একটি 'কলম্বিয়ান রেনবো বোয়া'। কর্মব্যস্ত অফিসে মুহূর্তের মধ্যে পড়ে গেল হট্টগোল। হুড়াহুড়ি শুরু হলো জান বাঁচাতে। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের সান দিয়োগোয় এ ঘটনা ঘটে।

কী ঘটেছিল সেদিন? বেলা ১২টা সান দিয়োগোর ব্যস্ত অফিস। এই অফিসেরই নারী কর্মচারী স্টেফিনি লাকসা। অফিসে ঢোকার কিছুক্ষণ পর যান শৌচাগারে। সেখানেই এক কোণে পানি রাখার বড় একটি পাত্র রয়েছে। হঠাৎ তার চোখ পানিরপাত্রটির দিকে। দেখেন পাত্রটি থেকে যেন পানি উপচে পড়ছে।

স্বাভাবিকভাবেই তিনি ভাবেন পাত্রটি পানি ভরে গেছে। শৌচাগার থেকে বেরনোর জন্য দরজা খুলতে যাবেন, ঠিক তখনই তিনি শুনতে পান ছপ ছপ শব্দ। কী যেন একটা প্রাণী মাথাটা উঠিয়ে আবার ডুব দিলো। কৌতুহলী হয়ে পানির পাত্রটির কাছে এগিয়ে যেতেই চোখ ছানাবড়া তার।

ইয়া বড় বাদামী রঙের একটি সাপ কুণ্ডলী পাকিয়ে আছে পাত্রটির মধ্যে। ভয়ে, আতঙ্কে চিৎকার করেন তিনি। তার চিৎকারে ছুটে আসেন অফিসের অন্যান্য কর্মচারীরা।

সাপটি ততক্ষণে পানির পাত্র থেকে বেরিয়ে চলে এসেছে শৌচাগারের মেঝেতে।

এদিকে সাপ দেখে রীতিমতো হট্টগোল পড়ে যায় কর্মব্যস্ত অফিসে। তড়িঘড়ি খবর দেয়া হয় বনদফতরে। কিছুক্ষণের মধ্যেই বনদফতরের কর্মকর্তারা এসে পৌঁছান। সাপটিকে উদ্ধার করেন তারা।

বনদফতরের কর্মকর্তা জানান, বেশ কয়েকদিন ধরে ওই শৌচাগারেই ছিল সাপটি। অনেকদিন কিছু না খেতে পাওয়ার ফলে সাপটির ওজন কমে গেছে। খাবারের খোঁজেই এদিন পানির পাত্র থেকে বেরোনোর চেষ্টা করছিল সাপটি। তবে কী করে ওই বহুতলের উপরে উঠল সাপটি তা নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।

ইআর