শতাধিক আফগান শরণার্থীকে ফেরত পাঠালো জার্মানি আশ্রয়ের আবেদন নাকচ হওয়া ১২৫ জন আফগান শরণার্থীকে একটি বিশেষ ফ্লাইটে করে কাবুলে ফেরত পাঠিয়েছে জার্মানি।

জার্মান সরকার দেশে আশ্রয়প্রার্থী মানুষের সংখ্যা কমাতে চাইছে সে লক্ষণই প্রকাশ পেয়েছে এ পদক্ষেপের মধ্য দিয়ে।

বিবিসি’র খবরে বলা হয়, জার্মানিতে আশ্রয়প্রার্থী মানুষের সংখ্যার দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে আছে আফগানরা। গতবছর জার্মানিতে সবচেয়ে বেশি হারে পাড়ি জমানো সিরীয় শরণার্থীদের পরই আছে আফগানরা।

জার্মান কর্মকর্তারা বলছেন, শরণার্থীরা সবাই স্বেচ্ছায় জার্মানি ছেড়ে গেছে। জার্মান স্বরাষ্ট্রমন্ত্রণালয় ১২৫ জন আফগান শরণার্থীর কাবুলে পৌঁছার খবর নিশ্চিত করে বলেছে, তাদেরকে কিছু অর্থ সহায়তা দেওয়া হবে। প্রয়োজনে এ অর্থ তাদের কাজে আসবে এবং আফগানিস্তান পুনর্গঠনেও তা অবদান রাখবে।

জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, দেশ পুনর্গঠনের প্রতিশ্রুতির আওতায়ই আফগানরা দেশে ফেরত গেছে।

জার্মানিতে শরণার্থীর ঢল কমানোর চেষ্টায় সরকার যুদ্ধবিধ্বস্ত মধ্য এশিয়ার দেশগুলোর লোকজনদেরকে তাদের নিজ দেশেই থাকার জন্য উৎসাহিত করছে।

সাম্প্রতিক দিনগুলোতে ইউরোপে আশ্রয় পাওয়া আফগানদের জন্য দুরূহ হয়ে পড়েছে।

মেসিডোনিয়া আফগান শরণার্থীদের প্রবেশ ঠেকাতে গ্রিস সীমান্ত বন্ধ করে দিয়েছে। কেবল সিরীয় আর ইরাকিরা সীমান্ত দিয়ে প্রবেশ করতে পারছে।

সীমান্তে আটকা পড়ে আছে আরও হাজার হাজার মানুষ। শরণার্থীদের ফেরত নেওয়ার জন্য আফ্রিকার দেশগুলোর ওপরও চাপ সৃষ্টি করছে জার্মানি।
এসএম