জাপানের উত্তরাঞ্চলে বুধবার ব্যাপক তুষারপাত ঘটেছে। প্রচন্ড ঝড় ও ব্যাপক তুষারপাতের কারণে প্রায় ৩০০ ফ্লাইট বাতিল করা হয়েছে। এ ছাড়া অনেক যানবাহন তুষারের নীচে চাপা পড়েছে। সরকারি কর্মকর্তারা একথা জানান।

আবহাওয়া সংস্থা জানায়, ২৪ ঘণ্টায় জাপানের উত্তরাঞ্চলীয় প্রধান দ্বীপ হোক্কাইডোর বিভিন্ন এলাকায় ৭০ সেন্টিমিটারের বেশী তুষারপাত ঘটে।

জিজি প্রেসের খবরে বলা হয়, তুষার ঝড়ের কারণে জাপানের দু’টি প্রধান এয়ারলাইন্স অল নিপ্পন এয়ারওয়েজ ও জাপান এয়ারলাইন্স আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটের কমপক্ষে ২৯৬টি ফ্লাইট বাতিল করেছে।

অবহিরো নগরীর এক সরকারি কর্মকর্তা এএফপিকে বলেন, ‘আমরা বিভিন্ন রাস্তা থেকে জমে থাকা তুষার সরানোর চেষ্টা করছি। এ তুষারপাতের ঘটনায় প্রায় ৫০টি গাড়ি আটকা পড়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।’

জাপানের আবহাওয়া সংস্থার এক সতর্ক বার্তায় বলা হয়, তীব্র নিম্নচাপের কারণে হোক্কাইডোর উপকূলীয় এলাকায় প্রচন্ড ঝড় হয়। আবহাওয়া সংস্থা জানায়, বৃহস্পতিবার পর্যন্ত এ তুষারপাত অব্যাহত থাকবে।

এমএ