গণঅভ্যুত্থানে শত শত মানুষ হত্যার মামলা থেকে হোসনি মোবারককে অব্যাহতি দিয়েছে মিশরের আদালত। শনিবার দুপুরে পুনর্বিবেচনার এ রায় দেয় আদালত। খবর বিবিসির।

এর আগে আন্দোলনরতদের হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয় মোবারককে। রায়ের বিরুদ্ধে আপিল করলে মামলা পুনর্বিবেচনার সিদ্ধান্ত নেয় আদালত। এই পুনর্বিবেচনার রায় দেয়া হলো আজ।

তার বিরুদ্ধে ২০১১ সালে স্বৈরশাসনবিরোধী গণবিক্ষোভে শত শত বিক্ষোভকারীকে হত্যার অভিযোগ রয়েছে। মামলা থেকে অব্যাহতি দিয়ে রায় ঘোষণার সময় আদালতে হট্টগোল শুরু হয়। এ সময় আদালতের ভিতরেই বিক্ষোভ-শ্লোগান শুরু হয়।

৮৬ বছর বয়সী মোবারকের বিরুদ্ধে ইসরাইলে গ্যাস রপ্তানিতে দুর্নীতির আরেকটি অভিযোগ রয়েছে। মোবারক এখন সরকারি তহবিল আত্মসাতের একটি মামলায় ৩ বছরের কারাদণ্ড ভোগ করছেন।

এমএ