ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধীর জীবন ও তার নিরাপত্তা হুমকিতে। রাহুলের চোখে মাথা বরাবর স্নাইপার রাইফেল থেকে লেজার রশ্মি ফেলা হয়।
ভারত সরকারকে এই বিষয়ে অভিযোগ জানিয়ে চিঠি দিয়েছে কংগ্রেস।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে লিখিত চিঠিতে জানানো হয়েছে, বুধবার (১০ এপ্রিল) আমেথি আসনে মনোনয়নপত্র জমা দেয়ার সময় রাহুলের চোখে মাথা বরাবর লেজার রশি ফেলা হয়। এটি কোনো স্নাইপার রাইফেল থেকে আসতে পারে, খবর এনডিটিভি।
উত্তর প্রদেশ প্রশাসনে উদ্বেগজনক ঘাতটি আছে উল্লেখ করে কংগ্রেস এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের কাছে তদন্ত দাবি করেছে। আহ্বান জানিয়েছে, এমন কোনো হুমকি থাকলে তা নিষ্ক্রিয় করতে।
চিঠির সঙ্গে রাহুল গান্ধীর মাথায় ওই লেজার রশ্মি ফেলার একটি ভিডিও-ও দেয়া হয়েছে কংগ্রেসের পক্ষ থেকে।
তাতে দেখা যায় রাহুলের ডান চোখের উপরে কোণা বরাবর ফেলা হয়েছে লেজার লাইট। অল্প সময়ের মধ্যে এভাবে কমপক্ষে ৭টি ঘটনায় তার ওপর লাইট ফেলা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে লেখা এই চিঠিতে স্বাক্ষর করেছেন আহমেদ প্যাটেল, রণদীপ সুর্যেওয়ালা ও জয়রাম রমেশ।
কংগ্রেস দাবি করেছে, ওই ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে নিরাপত্তা বিষয়ক চারজন ব্যক্তিত্ব বলেছেন, স্নাইপার রাইফেল থেকে ফেলা হয়েছে ওই লেজার রশ্মি।
উল্লেখ্য, রাহুল গান্ধীর পিতা ও সাবেক প্রধানমন্ত্রী রাজিব গান্ধী, দাদি ও সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে হত্যা করা হয়েছে। উচ্চ মাত্রায় হুমকি থাকায় রাহুল গান্ধী স্পেশান প্রটেকশন গ্রুপের (এসপিজি) নিরাপত্তা পান।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তারা এই নিয়ে এসপিজির পরিচালকের সঙ্গে কথা বলেছে। তিনি বলেছেন, ওই লাইট রাহুলের ওপর ফেলা হয়েছে একটি মোবাইল ফোন থেকে। তবে এই নিয়ে কোনো চিঠি পওয়ার কথা অস্বীকার করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এমবি





