ব্রিটেনের রাজধানী লন্ডনের কেন্দ্রস্থলে রাসেল স্কয়ারে ছুরি হাতে হামলা চালিয়েছে এক বা একাধিক দুর্বৃত্ত। এতে নিহত হয়েছেন একজন এবং আহত হয়েছেন কমপক্ষে ছয়জন।

বিবিসি অনলাইনের ব্রেকিং নিউজে এ তথ্য জানানো হয়েছে।

তবে ডেইলি মেইলের খবরে বলা হয়েছে, রাসেল স্কয়ারে ছুরি হাতে হামলা চালানো হয়েছে। এটি সম্ভবত সন্ত্রাসী হামলা। এ ঘটনায় এক নারী নিহত হয়েছেন। তবে তার পরিচয় এখনো জানাতে পারেনি কর্তৃপক্ষ।

লন্ডন পুলিশ জানিয়েছে, বুধবার রাত ১০টা ৪০ মিনিটের দিকে রাসেল স্কয়ারে হামলা হয়। এ হামলায় জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাস্থলে ছুরি হাতে তাকে লোকজনের ওপর হামলা করতে দেখেছে প্রত্যক্ষদর্শীরা।

স্কটল্যান্ড ইয়ার্ড জানিয়েছে, এটি সন্ত্রাসী হামলা হয়ে থাকতে পারে। বিষয়টি খতিয়ে দেখছে তারা।

হামলার পরপরই রাসেল স্কয়ারের সামনে কয়েকটি অ্যাম্বুলেন্স আসে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ।

 এমবিএইচ