ভারতে এবার ৮০ বছর বয়সী এক বৃদ্ধাকে নগ্ন করে গাধার পিঠে চড়িয়ে ঘোরানোর ঘটনা ঘটেছে। গ্রাম্য পঞ্চায়েতের নির্দেশে রাজস্থানের বিলওয়ারায় গত সপ্তাহে এ ঘটনা ঘটে।
চৌহানন কি কামেরি গ্রামের বাসিন্দা ওই নারী অভিযোগ করেন, প্রথমে তাকে ডাইনি বলে অপবাদ দেয়া হয়। এরপর মুখে কালি মাখিয়ে ও নগ্ন করে গাধার পিঠে চড়িয়ে গ্রাম জুড়ে ঘোরানো হয়।
তিনি জানান, পঞ্চায়েত সদস্যরা তাকে একঘরে হিসেবে ঘোষণা করেন। তার সঙ্গে যদি গ্রামের কেউ কথা বলে তাহলে তাকে এক লাখ রুপি জরিমানা করা হবে বলে হুমকি দেয়া হয়।
ওই বৃদ্ধা জানান, ৩৭ বছর আগে তার স্বামী মারা গেছে। কোনো সন্তানাদি না থাকায় গ্রামের অনেকেই তার জমি দখলের চেষ্টা চালিয়ে আসছে।
উল্লেখ্য, গত মাসেও রাজস্থানে ৫০ বছর বয়সী এক নারীকে নগ্ন করে গাধার পিঠে চড়িয়ে গ্রাম জুড়ে ঘোরানো হয়। সূত্র: এনডিটিভি।
কেএইচ





