ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর উপত্যকায় ফের সেনা-‌জঙ্গি গুলির লড়াই। আহত ১ জওয়ান। সোমবার সকাল সাড়ে ৬টা নাগাদ পাম্পোরের বাণিজ্যিক উন্নয়ণ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ঢুকে পড়ে ৩ জঙ্গি। নজর এড়াতে প্রথমে বহুতলটিতে আগুন ধরিয়ে দেয় তারা।

খবর পেয়ে সেটি ঘিরে ফেলে দেশটির নিরাপত্তা রক্ষা বাহিনী। দু’‌পক্ষের মধ্যে গুলির লড়াই শুরু হয়। তাতে এক জওয়ান আহত হয়েছেন।

পুলিশের উদ্ধৃতি দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমের দাবি, এদিন সকাল সাড়ে ছ’টা নাগাদ সরকারি ভবনটির ভিতরে ঢুকে আগুন লাগিয়ে দেয় জঙ্গিরা। যদিও, সেনাবাহিনীর জওয়ানদের কৌশলের ফলে জঙ্গিরা কোণঠাসা হয়ে পড়েছে। জঙ্গিদের সঙ্গে এখনো লড়াই চলছে ভারতীয় সেনাদের।

উল্লেখ্য, শ্রীনগর থেকে ১০ কিলোমিটার দূরে অবস্থিত এই শিক্ষা প্রতিষ্ঠানটিতেই গত ফেব্রুয়ারি মাসে হামলা চালিয়েছিল ৩ জঙ্গি। দীর্ঘ ৪৮ ঘণ্টার লড়াইয়ে সেবার ৩ আধাসামরিক সেনা ও ১ সাধারণ নাগরিকের মৃত্যু হয়।

এসএম