ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা ভঙ্গের দায়ে রেকর্ড পরিমাণ জরিমানা করা হয়েছে বিশ্বের অন্যতম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুককে।

বিশ্বের অন্যতম এই সামাজিক জায়ান্টকে প্রায় ৫০০ কোটি মার্কিন ডলার জরিমানা করেছে যুক্তরাষ্ট্র সরকার।

রাজনৈতিক পরামর্শক প্রতিষ্ঠান ক্যামব্রিজ অ্যানালিটিকার কাছে ফেসবুকের আট কোটি ৭০ লাখ গ্রাহকের তথ্য চলে যাওয়ার অভিযোগে যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশন (এফটিসি) এই জরিমানা করে।

শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এই খবর জানিয়েছে। তবে এই জরিমানা চূড়ান্ত হতে এখন মার্কিন বিচার বিভাগের সিভিল শাখার অনুমোদন পেতে হবে। আর কতদিনে এই অনুমোদন পাওয়া যাবে তা স্পষ্ট নয়।

এর আগে যুক্তরাজ্যে ফেসবুককে ৫ লাখ পাউন্ড জরিমানা করে। আর ব্যবহারকারীদের সঙ্গে ২০১১ সালের একটি চুক্তি ফেসবুক লঙ্ঘন করেছে কিনা তা খতিয়ে দেখা শুরু করে যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশন (এফটিসি)। তা প্রমাণিত হওয়ায় যুক্তরাষ্ট্র জরিমানা করে ৫০০ কোটি মার্কিন ডলার।

শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানিয়েছে, ফেসবুকের বিরুদ্ধে ৩-২ ভোটে ৫০০ কোটি ডলার জরিমানার অনুমোদন দিয়েছে এফটিসি। ওয়াল স্ট্রিট জার্নালের বরাত দিয়ে একই খবর প্রকাশ করেছে অন্যান্য মার্কিন সংবাদমাধ্যমগুলোও। তবে এই প্রতিবেদনের বিষয়ে কোনও মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ এবং এফটিসি।

তবে এ বছরের শুরুতে ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছিল ৫০০ কোটি ডলার পর্যন্ত জরিমানা করা হতে পারে বলে আশা করছে তারা। এই জরিমানা চূড়ান্ত হলে তা কোনও প্রযুক্তি প্রতিষ্ঠানকে করা এফটিসির সর্বোচ্চ পরিমাণ জরিমানা হবে।

জেড